বিবিসি বাংলাদেশ সংলাপে ভূমি প্রতিমন্ত্রী
পদ্মা সেতু দুর্নীতিতে জড়িতদের বিচারের মুখোমুখি হতে হবে
ভূমি প্রতিমন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, পদ্মা সেতু নিয়ে দুর্নীতি হয়ে থাকলে এতে জড়িত ব্যক্তি যে-ই হোন না কেন, তাঁকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।দিনাজপুরে গতকাল শনিবার ‘বিবিসি বাংলাদেশ সংলাপ’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই সংলাপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শ্রেণী ও পেশার ১৬০ জন অংশ নেন। বেলা সাড়ে ১১টায় সংলাপ শুরু হয়। ভূমি প্রতিমন্ত্রী ছাড়াও জেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান, বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) জেলা সমন্বয়কারী সিরাজুম মুনিরা এবং ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম অতিথি হিসেবে দর্শকদের নানা প্রশ্নের উত্তর দেন। রাজিয়া সুলতানা নামের এক নারী প্রশ্ন করেন, ‘জীববৈচিত্র্য ও পরিবেশ ধ্বংস করে উন্মুক্ত পদ্ধতিতে ‘ফুলবাড়ী কয়লাখনি’ থেকে কয়লা উত্তোলন করা হলে মানুষের কি লাভ হবে? এর উত্তরে প্রতিমন্ত্রী বলেন, উন্মুক্ত পদ্ধতিতে মজুত কয়লার শতকরা ৯৫ ভাগ তোলা যাবে। আর সেই কয়লা দিয়ে পাঁচ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ প্রকল্প তৈরি করা যাবে। ৫০ বছর ধরে ওই প্রকল্পে কয়লা জোগান দেওয়া যাবে। আর ভূগর্ভস্থ খনি হলে তোলা যাবে মাত্র ১৫ শতাংশ। তবে বিষয়টি স্পর্শকাতর। সরকারকেই ভাবতে হবে, কোন পদ্ধতিতে কয়লা তোলা হবে।সিরাজুম মুনিরা বলেন, দেশ ও দেশের সম্পদ জনগণের। কয়লা তোলার আগে অবশ্যই ‘জাতীয় কয়লানীতি’ প্রণয়ন করতে হবে। জনগণের মতামত ছাড়া খনি করা উচিত হবে না। চেয়ারম্যান আমিনুল বলেন, প্রাণ, প্রকৃতি, পরিবেশ ও তিন ফসলি জমি ধ্বংস করে এই খনি বাস্তবায়ন করা উচিত হবে না।শাহনাজ পারভীন নামের এক নারী প্রশ্ন করেন, মহাজোটের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল, ক্ষমতায় গেলে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে। এখন কোথায় সেই চাকরি? এর উত্তরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে বেসরকারি উদ্যোগে ব্যাপক কর্মসংস্থান হয়েছে। সরকার ভিজিডি, ভিজিএফ, কাবিখা, কাবিটা, কর্মসৃজনসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সারা বছর দেশের মানুষকে কাজ দিয়ে আসছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিকদের প্রায়ই হত্যা করে। এ ধরনের হত্যা বন্ধে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে না কেন? এই প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, সীমান্তে কোনো নিরীহ মানুষ মারা যায়নি। অবৈধভাবে ভারতে গিয়ে, কাঁটাতারের বেড়া কাটতে গিয়ে বা কোনো ধরনের অপরাধ করতে গিয়েই এ ঘটনা ঘটছে। প্রতিমন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করে ব্লাস্টের সমন্বয়কারী মুনিরা বলেন, গুলি করে মানুষ হত্যা কোনো সভ্য সমাজ সমর্থন করে না। বিবিসি বাংলা এবং বিবিসি মিডিয়া অ্যাকশনের যৌথ উদ্যোগে এই সংলাপের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিবিসি বাংলা বিভাগের প্রতিবেদক আকবর হোসেন।