জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী বলেছেন, পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৫টি জেলার পাঁচ কোটি মানুষের ভাগ্যের দুয়ার উন্মোচিত হবে। এ সরকার পদ্মা সেতু দ্রুত নির্মাণের জন্য কাজ করে যাচ্ছে।শরীয়তপুরের জাজিরা উপজেলা মিলনায়তনে গতকাল সোমবার ‘গ্রামীণ জীবন-জীবিকা পরিবর্তন পরিস্থিতি বিশ্লেষণ ও করণীয় নির্ধারণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এসব কথা বলেন। জাজিরা উপজেলার নাওডোবা ও পূর্ব নাওডোবা অংশে পদ্মা সেতুর জন্য অধিগ্রহণ করা ভূমির মালিক ও অন্য বাসিন্দাদের নিয়ে এ কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংগঠন রাসিন। কর্মশালায় ক্ষতিগ্রস্ত ভূমির মালিকেরা হয়রানিমূলক দেওয়ানি মামলা থেকে অব্যাহতি প্রদান, কাজের সুযোগ সৃষ্টিসহ ১৫ দফা দাবি উপস্থাপন করেন।ডেপুটি স্পিকার বলেন, পদ্মা সেতু নির্মিত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে শিল্পায়ন হবে। এর মধ্য দিয়ে বেকার সমস্যার সমাধান হবে এবং দেশের অর্থনীতির অগ্রগতি হবে। জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সাংসদ বি এম মোজাম্মেল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সাংসদ মজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রব মুন্সি, সাধারণ সম্পাদক অনল কুমার দে, সাবেক সহসভাপতি মোবারক আলী সিকদার, জজিরা পৌরসভা মেয়র আবুল খায়ের ফকির, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার প্রমুখ।