পদ্মা সেতু না হোক অনেকে চেয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির বলেছেন, ‘পদ্মা সেতু না হোক, এমনটি অনেকে চেয়েছেন। সব প্রমাণ আমাদের কাছে আছে।’গতকাল শুক্রবার দুপুরে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমডিএ) অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।প্রতিমন্ত্রী বলেন, ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক বিএনপি সরকার বন্ধ করে দিয়েছিল। দেশের গরিব-অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিকের বিকল্প নেই। ওই ক্লিনিকগুলো এখন পরিপূর্ণতা পেয়েছে। বর্তমান সরকারের মতো সাফল্য অতীতে কোনো সরকার স্বাস্থ্য খাতে পায়নি উল্লেখ করে তিনি মন্তব্য করেন। শিশু ও মাতৃমৃত্যুর হার কমানোর লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছেছে বলে তিনি দাবি করেন।প্রতিমন্ত্রী সময়মতো উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেওয়া হবে বলে আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মো. শরীফ।বিএমডিএর চট্টগ্রাম জেলার প্রধান নির্বাচন কমিশনার চিত্তরঞ্জন নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা বিভাগ চট্টগ্রামের পরিচালক কাজী শেখ শফিউল আলম, বিএমডিএর সাবেক কেন্দ্রীয় সভাপতি শামসুল হুদা, বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎসক পরিষদের মহাসচিব খন্দকার ইমদাদুল হক, অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক তপন কুমার নন্দী, শুভময় চৌধুরী প্রমুখ।