পদ্মা সেতু নির্মাণে এ মাসেই দরপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নির্মাণে ঠিকাদার নিয়োগের লক্ষ্যে এ মাসেই দরপত্র আহ্বান করা হবে বলে ঘোষণা দিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তিনি বলেন, এ ব্যাপারে দাতাদের সম্মতি পাওয়া গেছে। অর্থায়নের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। নদীশাসনের কাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের কাজও প্রায় শেষ পর্যায়ে।গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে সড়ক ও জনপথ অধিদপ্তর আয়োজিত এক কর্মশালায় যোগাযোগমন্ত্রী এ কথা বলেন।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বাসের বিশেষ লেন চালুর ব্যাপারে সম্ভাব্যতা যাচাইয়ের চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন উপলক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।যোগাযোগমন্ত্রী বলেন, বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ বাসের এই বিশেষ লেন চালু করতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আর্থিক সহযোগিতা করতে সম্মত হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে ১৯ কোটি মার্কিন ডলার ব্যয় হবে। এর মধ্যে সাড়ে ১২ কোটি ডলার এডিবি দেবে। আগামী বছরের জানুয়ারি মাসে দাতাদের সঙ্গে ঋণচুক্তি হবে। এ সময়ের মধ্যে বিশেষ লেনের প্রস্তাবিত নকশা ও দরপত্রের কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।কর্মশালায় অন্যান্যের মধ্যে সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোজাম্মেল হক খান, এডিবির প্রতিনিধি ও সওজের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।