পদ্মা সেতু নির্মাণে চূড়ান্ত চুক্তির জন্য প্রস্তাব দেবে মালয়েশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নির্মাণে চূড়ান্ত চুক্তির জন্য মালয়েশিয়া প্রস্তাব দেবে। আর্থিক এবং দুই দেশের স্বার্থ বিবেচনা করে যুক্তিযুক্ত সময়ের মধ্যে এই প্রস্তাব ধরে চূড়ান্ত চুক্তি হবে।মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই শেষে দেশে ফিরে যোগাযোগমন্ত্রী গতকাল বৃহস্পতিবার নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন। গত ১০ এপ্রিল পদ্মা সেতু নির্মাণসহ অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের জন্য এমওইউ সই হয়। তিনি বলেন, মালয়েশিয়ায় এমওইউ স্বাক্ষরের সময় দুবাইয়ের দুটি ও চীনের একটি প্রতিষ্ঠান উপস্থিত ছিল। এই প্রতিষ্ঠানগুলো পদ্মা সেতুতে মালয়েশিয়া সরকারকে অর্থ দেবে।পদ্মা সেতুতে দেওয়া অর্থের সুদহার কেমন হবে—জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা তো ঋণ নিচ্ছি না। মালয়েশিয়া সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের এমওইউ হয়েছে। সুদের হার কী হবে, এটা আমাদের জানার বিষয় নয়।’ বিশ্বব্যাংকের সঙ্গে করা চুক্তির বিষয়ে তিনি বলেন, তাদের সঙ্গে সমঝোতা করতে হবে। এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কাজ করছে। দু-একজনের বিরুদ্ধে অভিযোগ আছে। বিশ্বব্যাংক তদন্ত করছে। দেশের জনগণ তো দোষ করেনি। তাই তাদের অনুরোধ করব অন্য প্রকল্পে অর্থায়ন করতে।এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মালয়েশিয়া কনসোর্টিয়াম করে পদ্মা সেতুতে অর্থায়ন করবে। তারা বিশ্বব্যাংকসহ অন্য দাতা সংস্থার কাছ থেকেও অর্থ নিতে পারে। এটা আমাদের বলেছেও। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারের কোনো আপত্তি নেই।’সিদ্ধান্ত নেবে বাংলাদেশ: অ্যালেন গোল্ডস্টেইনএদিকে গতকাল এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইন এক প্রশ্নের জবাবে বলেন, পদ্মা সেতু নির্মাণে কোন উৎস থেকে অর্থ নেবে, তা বাংলাদেশই সিদ্ধান্ত নেবে। অনুষ্ঠানে নিরাপদ পানি সরবরাহসংক্রান্ত একটি প্রকল্পে সাড়ে সাত কোটি ডলার দিতে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এই চুক্তিতে বিশ্বব্যাংকের পক্ষে অ্যালেন এবং বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ইকবাল মাহমুদ সই করেন।উল্লেখ্য, বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ এনে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে অর্থায়ন স্থগিত করেছে।অনুষ্ঠানে ইআরডির সচিব বলেন, বাংলাদেশ চায়, পদ্মা সেতু বাস্তবায়িত হোক। কোন উৎস থেকে টাকা আসছে, সেটা কোনো সমস্যা নয়। বিশ্বব্যাংক নাকি মালয়েশিয়া—কোন উৎস থেকে অর্থায়ন সুবিধাজনক, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, জনস্বার্থ বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে। সরকার তো জনগণের সেই রায় নিয়েই ক্ষমতায় এসেছে।চুক্তি স্বাক্ষরের সময় উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।