প্রস্তাবিত পদ্মা সেতু নির্মাণে দ্রুত সব বাধা দূর, মংলা বন্দরের সঙ্গে ঢাকার সরাসরি রেল যোগাযোগ স্থাপন ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছে খুলনা বিভাগীয় সাংবাদিক সমিতি।গত বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘খুলনা বিভাগের যোগাযোগ ব্যবস্থা: আমাদের করণীয়’—শীর্ষক আলোচনা সভায় ওই বিভাগের সাংবাদিক ও প্রতিনিধিরা এই দাবি জানান।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। এসব দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্য পদ্মা সেতুর কাজ শুরু করা হবে। দৌলতদিয়া-পাটুরিয়া পথে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণেও কাজ চলছে। তবে দ্বিতীয় পদ্মা সেতুর প্রাথমিক প্রক্রিয়া শুরু করা যাবে এই সরকারের আমলে।খুলনা বিভাগীয় সাংবাদিক সমিতির নেতারা নড়াইলের কালনায় মধুমতী নদীর ওপর সেতু নির্মাণ, বেনাপোল বন্দর থেকে ঝিনাইদহের কালীগঞ্জ পর্যন্ত মহাসড়ক নির্মাণ, খুলনা থেকে ভেড়ামারার লালন শাহ সেতু পর্যন্ত বিদ্যমান মহাসড়ককে চার লেনে উন্নীত করা, খুলনা ও যশোরের মধ্য কমিউটার ট্রেন চালু এবং খুলনা ও ঢাকার মধ্যে দ্রুতগামী ট্রেন চালুর দাবি জানান।ওবায়দুল কাদের বলেন, ‘আমি নতুন স্বপ্ন দেখাব, কিন্তু তা পূরণ করতে পারব না—এমন কথা বলতে চাই না। আমি যে ওয়াদা দেব তা পূরণ করতে না পারলে, আশার রঙিন বেলুন আবার চুপসে যাবে।’ খুলনা বিভাগীয় সাংবাদিক সমিতির আহ্বায়ক মধুসূদন মণ্ডল সভায় সভাপতিত্ব করেন। সভায় আরও বক্তব্য দেন পাট ও বস্ত্রসচিব আশরাফুল মকবুল, সাবেক অতিরিক্ত সচিব খন্দকার রাশেদুল হক, খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চল-এর সম্পাদক লিয়াকত আলী, দৈনিক ভোরের ডাক-এর সম্পাদক কে এম বেলায়েত হোসেন, খুলনা বিভাগীয় সাংবাদিক সমিতির সদস্যসচিব বি এম জাহাঙ্গীর প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক আশীষ কুমার দে এবং অনুষ্ঠান পরিচালনা করেন রফিকুল ইসলাম। বিজ্ঞপ্তি।