পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়া চীন ভারত আগ্রহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়া, চীন ও ভারত আগ্রহ প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের বিষয়টি মাথায় রয়েছে। চলতি মাসের মধ্যে পদ্মা সেতুর অর্থায়নের বিষয়টি নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের মেয়াদের মধ্যে নির্মাণকাজ শুরু করার লক্ষ্য রেখে প্রস্তুতিমূলক তৎপরতা ও কর্মকাণ্ড জোরদার করতে। আমি সেই কাজটি করে যাচ্ছি। অর্থের ব্যাপার তিনি দেখবেন। আর দাতাদের সামলাবেন অর্থমন্ত্রী।’ গতকাল শুক্রবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলায় নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনের ৩ নম্বর প্যাকেজের কাজ পরিদর্শন শেষে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। পরে ময়মনসিংহের ত্রিশালেও মন্ত্রী প্রায় একই কথা বলেন।শ্রীপুরে সড়কের কাজ পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক ও জনপথের (সওজ) ঢাকা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন আহমদ, ৩ নম্বর প্যাকেজের প্রকল্প পরিচালক প্রকৌশলী ফিরোজ ইকবাল, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ব্যাবাস্টিন রেমা। শ্রীপুরে যোগাযোগমন্ত্রী বলেন, ‘আমাদের এখন তিনটা চার লেনের কাজ চলছে। সেগুলো হলো জয়দেবপুর-ময়মনসিংহ, নবীনগর-চন্দ্রা এবং ঢাকা-চট্টগ্রাম। জয়দেবপুর-ময়মনসিংহ সড়কের ভালুকা অংশে চার লেনের ৩ নম্বর প্যাকেজের কাজ ইতিমধ্যে দেড় কিলোমিটার শেষ হয়েছে। ৪ নম্বর প্যাকেজেরও এক কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে। দুটি মিলে আড়াই কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে। আমাদের লক্ষ্য এপ্রিলের মধ্যে ২৬ কিলোমিটার কাজ সম্পন্ন করা। নবীনগর-চন্দ্রা সড়কে চার লেনের কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হবে। মে মাসের মধ্যে প্রধানমন্ত্রী তা উদ্বোধন করবেন।’মন্ত্রী ত্রিশালের পাঁচপাড়া গ্রামে বিটুমিন ফেলে চার লেনের সড়ক পাকাকরণের কাজ উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে ময়মনসিংহ সদর আসনের সাংসদ মতিউর রহমান, সওজের প্রধান প্রকৌশলী শাহাবুদ্দিন, ময়মনসিংহ জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া, শামীম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও এফবিসিসিআইয়ের পরিচালক আমিনুল ইসলাম, প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।