পদ্মা সেতু নির্মাণে ৯৮০ কোটি টাকার চুক্তি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) প্রেসিডেন্ট আহম্মদ মোহাম্মদ আলী আল মাদানি বলেছেন, পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশকে ৯৮০ কোটি টাকা (১৪০ মিলিয়ন ডলার) আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ছাড়া দেশের পয়োনিষ্কাশনব্যবস্থা উন্নয়নে দেওয়া হবে ১১৯ কোটি টাকা (১৭ মিলিয়ন ডলার)। এ বিষয়ে আজ মঙ্গলবার ঢাকায় সরকারের সঙ্গে আইডিবির দুটি পৃথক চুক্তি হবে।গতকাল সোমবার দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে আধুনিক বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সংবাদ সম্মেলনে আইডিবির প্রেসিডেন্ট এ তথ্য জানান।আইডিবির প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশে এক হাজার ৭৫০ কোটি টাকার (২৫০ মিলিয়ন ডলার) আইডিবির চলমান বিভিন্ন প্রকল্প রয়েছে। অদূর ভবিষ্যতে আরও সাত হাজার কোটি টাকার সহযোগিতা দেওয়া হবে। তিনি আরও বলেন, নাম প্রকাশ না করার শর্তে সৌদি আরবের একজন দানবীরের দেওয়া ৯১০ কোটি টাকার মধ্যে ৭৭০ কোটি টাকা ব্যয়ে দেশের উপকূলীয় ১৩টি জেলায় প্রায় ৩৫০টি আধুনিক বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। প্রতিটি আশ্রয়কেন্দ্র নির্মাণে ব্যয় হবে গড়ে প্রায় তিন কোটি টাকা। এসব আশ্রয়কেন্দ্র ২৫০ কিলোমিটার বেগে আসা ঘূর্ণিঝড় প্রতিহত করতে পারবে।আইডিবির প্রেসিডেন্ট গতকাল বেলা দেড়টার দিকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকা থেকে রায়েন্দা পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে অবতরণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ব্যক্তিগত সচিব সালাহ্ জেলাস, আইডিবির জ্যেষ্ঠ আইন কর্মকর্তা কায়ভান খাশাইয়ার, ফায়েল খায়ের কর্মসূচির সমন্বয়কারী হাসান এম সালেম, কর্মসূচি পরিচালক হাসান এম জেং, এ কর্মসূচির উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী প্রমুখ।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সাংসদ মোজাম্মেল হোসেন, সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোশারেফ হোসেন ভূঁইয়া, বাগেরহাটের জেলা প্রশাসক মো. আকরাম হোসেন প্রমুখ। আইডিবির প্রেসিডেন্ট বিকেল চারটার দিকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে শরণখোলা ত্যাগ করেন।