পদ্মা সেতু নিয়ে চাঁদাবাজিতে নামলেন শিক্ষা কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর চাঁদা বাবদ এবার কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে নগদ টাকা সংগ্রহ করলেন টাঙ্গাইলের জেলা শিক্ষা কর্মকর্তা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আবদুল খালেক জেলা শিক্ষা বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীকে মঙ্গলবার দুপুর দুইটার মধ্যে এক দিনের বেতনের টাকা তাঁর কাছে জমা দিতে বলেন। নির্দেশ অনুযায়ী তাঁরা এক দিনের বেতনের টাকা জমা দেন। জেলা শিক্ষা কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘পদ্মা সেতু নির্মাণের জন্য এভাবে চাঁদাবাজি করা হলেও শীর্ষস্থানীয় কর্মকর্তার নির্দেশ হওয়ায় এতে সাড়া দিতে আমরা বাধ্য হয়েছি।’ এ ব্যাপারে এ এস এম আবদুল খালেক বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে তা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালকের কাছে জমা দেওয়া হয়েছে। তবে উপপরিচালক শিরিন বানুর মুঠোফোনে বারবার চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।