পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি বলে আবারও দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তাঁর দাবি, যা হচ্ছে তা ষড়যন্ত্র। গতকাল বুধবার সকালে সিলেটে ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে অর্থমন্ত্রী এ কথা বলেন।অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার আগে সাংবাদিকেরা মুখোমুখি হলে প্রথমে কথা বলতে রাজি হননি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পদ্মা সেতু নিয়ে দুর্নীতি দমন কমিশনের তদন্ত প্রতিবেদন জমার দেওয়ার পর সেতুর ভবিষ্যৎ জানতে চাইলে অর্থমন্ত্রী গাড়িতে বসে সাংবাদিকদের বলেন, ‘আমি আগেও বলেছি, এখনোৎ বলছি, পদ্মা সেতু নিয়ে কোনো দুর্নীতি হয়নি। দুর্নীতির অভিযোগ আর অভিযুক্ত হওয়া দুটো ভিন্ন বিষয়। যা হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে।’নির্মিত হবে অবিকল ছাত্রাবাস: এমসি কলেজের প্রাক্তন দুই শিক্ষার্থী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল ছাত্রাবাসের পুনর্নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। ছাত্রাবাসের মাঠে আয়োজিত অনুষ্ঠানে দুই মন্ত্রী দৃঢ়তার সঙ্গে ঘোষণা দেন, অবিকল আগের কাঠামোয় ফিরবে এমসি কলেজ। অগ্নিসংযোগকারীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে।অনুষ্ঠানে জানানো হয়, ছাত্রাবাসের পুড়ে যাওয়া পাঁচটি ব্লকের ৮৪টি কক্ষ পুনর্নির্মাণ করা হবে। তিনটি ব্লকের দরজা-জানালা ও ছাত্রাবাস তত্ত্বাবধায়কের বাসভবন সংস্কার করা হবে। পুরোনো কাঠামো অবিকল রেখে পুনর্নির্মাণকাজে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি টাকা। জুন মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে।৮ জুলাই ছাত্রশিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের জের ধরে আগুন দেওয়া হয় ছাত্রাবাসে। আগুনে ৪২টি কক্ষ পুড়ে যায়।