পদ্মা সেতু নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চেয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ বলেছেন, পদ্মা সেতু নিয়ে যে ধূম্রজাল ছিল, তা কেটে গেছে। সরকারের সময়োচিত সিদ্ধান্তের কারণে এটা সম্ভব হয়েছে। তিনি বলেন, বিরোধী দল জাতীয় স্বার্থের এই বিষয়ে অনাকাঙ্ক্ষিত রাজনীতি করতে চেয়েছিল। গতকাল রোববার গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিসাবো ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তোফায়েল আহমেদ এ কথা বলেন।তোফায়েল আহমেদ বলেন, বর্তমান সরকার ১০ টাকা দিয়ে কৃষকদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট করে দিয়েছে। এর সুফল কৃষকেরা পাচ্ছেন। তিনি আওয়ামী লীগকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করতে জনগণের প্রতি আহ্বান জানান।সমাবেশে গাজীপুর উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমিও বক্তব্য দেন। জনসভার আগে সিমিন হোসেন ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। গতকাল তাঁর পক্ষে ভোট চেয়ে দুপুর থেকে বিভিন্ন এলাকায় মাইকে প্রচার চালানো হয়।এই উপনির্বাচনে অপর দুই প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদ গতকাল নির্বাচনী এলাকায় আসেননি। তবে তাঁর লোকজন কয়েকটি ইউনিয়নে নির্বাচনী কাজ করেছেন। তাঁর নির্বাচনী সমন্বয়কারী আইনজীবী মো. সারোয়াত ই কায়নাত জানান, প্রার্থী না এলেও তাঁরা নির্বাচনী এজেন্ট নিয়োগসহ কিছু গণসংযোগ করেছেন।আফসারউদ্দীন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কাল (আজ সোমবার) প্রধান নির্বাচন কমিশনার আসবেন। তাঁর কাছে সুষ্ঠু পরিবেশ ও প্রচারের সময় নিরাপত্তা চাইব। তারপর প্রচারে নামব।’বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী আসাদুল্লাহ বাদল গতকাল কাপাসিয়ার কয়েকটি ইউনিয়নে গণসংযোগ করেন। এ ছাড়া সিপিবির কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতারা ছোট ছোট দলে ভাগ হয়ে তাঁর পক্ষে প্রচার চালান।