পদ্মা সেতু নিয়ে সিলেটে দুই মন্ত্রীর মুখে দুই কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন না করলে বিকল্প অর্থায়নে সেতুর কাজ শুরু হবে। সেটা আগামী ফেব্রুয়ারির মধ্যে পরিষ্কার হয়ে যাবে।’ সিলেটে গতকাল শনিবার সকালে সুরমা নদীর ওপর নির্মাণাধীন কাজিরবাজার সেতু পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। একই প্রসঙ্গে সিলেটে এক অনুষ্ঠানে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বললেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘বলি বা কোরবানি ছাড়া পদ্মা সেতু হবে না!’ যোগাযোগমন্ত্রী গত শুক্রবার সিলেট-সুনামগঞ্জ সড়কের বিভিন্ন সেতু পরিদর্শন করেন। গতকাল সকালে তিনি সিলেটে কাজিরবাজার সেতু পরিদর্শন করেন। ১১১ কোটি টাকা ব্যয়ে কাজিরবাজার সেতুর কাজ আগামী অক্টোবরের মধ্যে শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। যোগাযোগমন্ত্রীর কাজিরবাজার সেতু পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, ‘পদ্মা সেতু নিয়ে আর কেনো কথা বলতে আমি রাজি নই। বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন না করলে বিকল্প অর্থায়নে এ সরকারের আমলেই কাজ শুরু হবে।’ দুপুরে সিলেট এমসি কলেজ মাঠে সিলেট সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমানের আয়োজনে ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঈদের সময় যেমন কোরবানি করতে হয়, তেমনি একটি কোরবানি বা বলি দিলে পদ্মা সেতু না হলেও অন্তত এর ভিত্তিপ্রস্তর স্থাপন হবে।’