পদ্মা সেতু নিয়ে হুমকি দেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘একজন ব্যক্তিবিশেষের জন্য আমাকে থ্রেট (হুমকি) দেওয়া হয়েছিল। বিশেষ এক ব্যক্তি, তাঁর ব্যাপারে আমাকে সরাসরি বলা হয়েছিল, তাঁর এমডির পদ না থাকলে পদ্মা সেতুর টাকা বন্ধ করা হবে। এ ধরনের বহু কথা আমাকে শুনতে হয়েছে।’
গতকাল বুধবার জাতীয় সংসদে সরকারদলীয় সাংসদ সেগুফতা ইয়াসমিন এমিলি তাঁর প্রশ্নে জানতে চান, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধে যাঁরা ষড়যন্ত্র করেছিলেন, তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না। এর জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারও নাম উল্লেখ না করে বলেন, ‘কেউ যদি ব্যক্তিস্বার্থের জন্য দেশের সর্বনাশ করতে চায়, দেশের মানুষের স্বার্থ না দেখে, তাহলে তাদের প্রতি করুণা করা ছাড়া আর কিছু থাকে না। কোনো মানুষ যদি সম্পূর্ণ ব্যক্তিস্বার্থে অন্ধ থাকে, জনগণের প্রতি কোনো দায়িত্ববোধ না থাকে, তাহলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যাবে, এটা জনগণই বিচার করবে। আমি এ বিচারের ভার জনগণের ওপর ছেড়ে দিলাম।’
যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) মতে, বাংলাদেশে বিভিন্ন সূচকে যে অভূতপূর্ব উন্নতি করেছে, তার পেছনে প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা ও শক্তি জানতে চান জাতীয় পার্টির সাংসদ ফকরুল ইমাম। জবাবে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, ‘সততাই শক্তি, সততাই সাহস। এই শক্তি-সাহস পেয়েছি বাবার কাছ থেকে। প্রেরণা পেয়েছি মায়ের কাছ থেকে। আমার জীবনের রাজনীতির লক্ষ্য বাবার যে আকাঙ্ক্ষা তা পূরণ করা। সেই লক্ষ্য নিয়ে রাষ্ট্র পরিচালনার যখন দায়িত্ব পেয়েছি, আমি মনে করি এটা জনগণকে সেবা ও তাদের জন্য করার একটা সুযোগ। এখানে নিজে কী পেলাম বা কী পেলাম না, সেটা আমি চিন্তা করি না। এবং করবও না, করতে চাইও না।’
বিরোধী দলের সদস্য হয়েও এই প্রশ্ন এবং আলোচনার সূত্রপাত করার জন্য সাংসদ ফকরুল ইমামকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সংসদে বিরোধী দলের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, সংসদে এখন একটা পরিবর্তন এসেছে। বিরোধী দল সরকারের সমালোচনা করছে। পাশাপাশি ভালো কাজ করলে তার প্রশংসাও করছে। বর্তমান সংসদ সেই দৃষ্টান্ত স্থাপন করছে। মানুষ ভদ্রভাবে সংসদ দেখতে পারছে।
পদ্মা সেতুর ব্যয় বাড়বে কি না কাজী ফিরোজ রশীদের এ-সংক্রান্ত সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু বাংলাদেশের একটি নতুন প্রকল্প। এতে ব্যয় বাড়বে কি কমবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। ব্যয় বাড়তেও পারে আবার অর্থ বেঁচেও যেতে পারে। তিনি আরও বলেন, পদ্মা অত্যন্ত খরস্রোতা নদী। এখানে এ ধরনের সেতু নির্মাণ সত্যিই কঠিন কাজ। কাজেই এ জন্য সময়ে সময়ে নির্মাণ ব্যয় বাড়তেও পারে।