পদ্মা সেতু প্রকল্প এলাকায় ভাঙন
মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু নির্মাণ প্রকল্প এলাকায় আবারও ভাঙন দেখা দিয়েছে। গতকাল বুধবার ভোর থেকে বিকেল চারটা পর্যন্ত প্রকল্প এলাকার একটি জেটিসহ প্রায় ৩০০ মিটার পদ্মায় চলে যায়। বেড়া দিয়ে বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর শেষ চেষ্টা করা হয়।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পদ্মার পানি বেড়ে গিয়ে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। এতে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। এর আগে রোববার রাতেও প্রকল্প এলাকার ২০০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে যায়। তাৎক্ষণিকভাবে ভাঙন রোধে বাঁশ পুঁতে ২০ হাজার বালুর বস্তা ফেলা হয়। এতে দুদিন ভাঙন ঠেকানো যায়। কিন্তু গতকাল আবার তা শুরু হয়।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সেতু প্রকল্পের সঙ্গে যুক্ত একাধিক কর্মকর্তা বলেছেন, ভাঙনের কারণে পদ্মা সেতুর নির্মাণকাজে কোনো সমস্যার আশঙ্কা নেই। কর্মকর্তারা বলেছেন, পদ্মার ভাঙন ও নদীশাসনের জন্য আলাদা প্রকল্প ও অর্থ বরাদ্দ রয়েছে। ভাঙন প্রতিরোধে সমস্যা হবে না। গতকাল পর্যন্ত প্রায় ৮০ হাজার বালুর বস্তা ফেলা হয়েছে। প্রয়োজনে আরও ফেলা হবে।
মন্ত্রী ওবায়দুল কাদের গতকাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ভাঙনের ফলে মূল পদ্মা সেতু নির্মাণে কোনো ক্ষতির ভয় নেই। সাময়িক এ ভাঙন নিয়ে উদ্বেগের কারণ নেই। এর আগে সোমবার বিকেলে প্রকল্প এলাকা পরিদর্শন করেও মন্ত্রী একইভাবে আশ্বস্ত করেন। তখন তিনি বলেছিলেন, ভাঙন রোধে সব ধরনের প্রস্তুতি আছে। আর কিছুদিন পরেই নদীর এ শক্তি থাকবে না।
নাম প্রকাশ না করার শর্তে পদ্মা সেতু প্রকল্পের একজন কর্মকর্তা গতকাল বলেন, ‘ভাঙন প্রতিরোধের জন্য বিপুলসংখ্যক বালুর বস্তা মজুত আছে। বস্তা ফেলাসহ প্রয়োজনীয় কাজের জন্য শ্রমিকও রয়েছে অনেক। এ নিয়ে কোনো সমস্যা হবে না।’