পদ্মা সেতু প্রকল্পে কবরস্থান অধিগ্রহণের অভিযোগ
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকার জমির হাওলাদারকান্দি গ্রামের একটি কবরস্থানকে বাড়ির ভিটা দেখিয়ে পদ্মা সেতু প্রকল্পে অধিগ্রহণের অভিযোগ উঠেছে।
কবরস্থানটি সেতু প্রকল্পের নদীশাসন এলাকায় পড়েছে। এটি রক্ষার দাবিতে গতকাল মঙ্গলবার গ্রামবাসী মানববন্ধন করেছে।
জেলা প্রশাসন ও গ্রামবাসী জানান, জমির হাওলাদারকান্দি গ্রামের চার ভাই আবেদ আলী হাওলাদার, আবদুল জব্বার হাওলাদার, জমির হাওলাদার ও সাদেক আলী হাওলাদার ৩২ শতক জমি ১৯৭৯ সালে কবরস্থানের জন্য দান করে নিবন্ধন করে দেন। ২০১৩ সালে খালেক হাওলাদার নামে তাঁদের এক অংশীদার ওই জমি ভিটাবাড়ি দেখিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে কাগজপত্র জমা দিয়ে বিল তোলেন। সম্প্রতি পদ্মা সেতুর নদীশাসন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ওই জমিতে মাটি ভরাট করার প্রস্তুতি নিলে গ্রামবাসী বাধা দেয়। গ্রামবাসী কবরস্থানটি রক্ষার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, ঢাকার বিভাগীয় কমিশনার ও শরীয়তপুরের জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। এ দাবিতে গতকাল তাঁরা জমির হাওলাদারকান্দি গ্রামে মানববন্ধন করেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কবরস্থানের পাশে এ কর্মসূচি পালন করা হয়।
জমির হাওলাদারকান্দি গ্রামের ছামাদ হাওলাদার বলেন, ‘আমার বাপ-চাচারা গ্রামের কবরস্থান করার জন্য জমি দান করেছেন। ৫০ বছর ধরে গ্রামের মানুষকে ওখানে কবর দেওয়া হচ্ছে। কবরটি যেন রাখা হয়, সে জন্য আবেদন করেছি।’
একই গ্রামের মালেক হাওলাদার বলেন, ‘আমার ভাইয়েরা ডিসি অফিসের সঙ্গে যোগসাজশ করে নকল কাগজপত্র ব্যবহার করে কবরস্থানের টাকা তুলেছে। বাধা দিয়েছিলাম, তারা তা উপেক্ষা করে এ কাজ করেছে। আমার বাপ-দাদাকে এখানে কবর দেওয়া হয়েছে। আমার কবরও এখানে হবে এ আশা করছি।’
জেলা প্রশাসক মাহমুদুল হাসান খান বলেন, আইন অনুযায়ী কবরস্থান অধিগ্রহণ করা যাবে না। কেউ যদি মিথ্যা তথ্য ও নকল কাগজ দিয়ে এ কাজ করে থাকেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এ বিষয়ে কথা বলার জন্য গতকাল খালেক হাওলাদারের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি।