পদ্মা সেতু প্রকল্পে কর্মরত বিদেশিদের নিরাপত্তা জোরদার
পদ্মা সেতু প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিকদের বাড়তি নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি গতকাল শনিবার বিকেলে পদ্মা সেতু প্রকল্প এলাকা শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবায় ঠিকাদারি প্রতিষ্ঠান, পরামর্শক প্রতিষ্ঠান ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে সভা করে এ ঘোষণা দেন।
ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পে নিয়োজিত বিদেশি নাগরিকদের খোঁজ নেওয়ার জন্য প্রকল্প এলাকা পরিদর্শনে এসেছি। তাঁদের কোনো উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে কি না তা জানার জন্য সংশ্লিষ্ট সবার সঙ্গে সভা করেছি। কোনো বিদেশি নাগরিক তাঁদের উৎকণ্ঠার কথা আমাকে জানাননি। প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন।’
সভায় উপস্থিত ছিলেন পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম, প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আবদুল কাদের, পরামর্শক প্রতিষ্ঠান কোরিয়ান এক্সপ্রেস ওয়ের প্রতিনিধি ব্রুজ হান্টার, ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হাইড্রোর প্রতিনিধি, ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেডের পরিচালক আবিদুর রহমান প্রমুখ।
সেতু বিভাগ জানায়, পদ্মা সেতু নির্মাণে কাজ করছে চায়না মেজর ব্রিজ কোম্পানি, নদী শাসন প্রকল্পের কাজ করছে চীনের সিনো হাইড্রো ও পরামর্শক হিসেবে কাজ করছে কোরিয়ান এক্সপ্রেস ওয়ে। প্রতিষ্ঠানগুলোর প্রায় ১১০০ কর্মকর্তা-কর্মচারী প্রকল্প এলাকায় কর্মরত আছেন। এখানে কানাডা, কোরিয়া, যুক্তরাজ্য ও চীনের নাগরিকেরা কাজ করছেন। সম্প্রতি দুই বিদেশি নাগরিকের হত্যাকাণ্ডের ঘটনার পর কয়েকটি দেশ বাংলাদেশে অবস্থানরত তাদের নাগরিকদের সতর্কভাবে চলাফেরা করার পরামর্শ দেয়।
পদ্মা সেতু প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা দেওয়ার জন্য একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে নৌ পুলিশের একটি দল ২৪ ঘণ্টা পদ্মা নদীতে টহল দেবে। শরীয়তপুর জেলা পুলিশের একটি দল জাজিরার নাওডোবা এলাকায় ২৪ ঘণ্টা টহল দেবে।