পদ্মা সেতু প্রকল্পে চাকরি দেওয়ার নামে প্রতারণা
প্রস্তাবিত পদ্মা সেতু প্রকল্পে শ্রমিক ও সুপারভাইজার পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে রাজবাড়ীর কালুখালী উপজেলার ৭২ জনের কাছ থেকে সাত লক্ষাধিক টাকা নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ব্যাপারে ভুক্তভোগীরা জেলা প্রশাসকসহ বিভিন্ন কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, ছয়-সাত মাস আগে কালুখালী উপজেলার বানজানা গ্রামের কুদ্দুস ফকির প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত তাঁর এক আত্মীয় পদ্মা সেতুতে কাজের জন্য কিছু লোক চেয়েছেন বলে এলাকার লোকজনকে জানান। তিনি কাজ করতে আগ্রহীদের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, নাগরিকত্ব সনদ, দুই কপি ছবিসহ তাঁর (কুদ্দুসের) দেওয়া একটি আবেদনপত্র পূরণ করে জমা দিতে বলেন। এ সময় খরচের কথা বলে শ্রমিক পদের জন্য ৬৮ জনের কাছে ১০ হাজার ও সুপারভাইজার পদের জন্য চারজনের কাছ থেকে ২০ হাজার করে টাকা নেন।চাকরি হবে—এ নিশ্চয়তা দেওয়ার জন্য আবদুল কুদ্দুস প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি হিসেবে মাহবুব নামের এক ব্যক্তির সঙ্গে মুঠোফোনে তাঁদের একাধিকবার কথা বলিয়ে দেন ও সরাসরি দেখা করান। এ সময় তিনি (মাহবুব) তাঁদের সবকিছু সঠিকভাবে জমা দিতে বলেন। কিন্তু কয়েক মাস অতিবাহিত হওয়ার পরও তাঁরা চাকরি পাননি। এ অবস্থায় চাকরি না হওয়ার কারণ জানতে চাইলে কুদ্দুস তাঁদের জানান, দুর্নীতির কারণে মন্ত্রী পদত্যাগ করেছেন। নতুন মন্ত্রী এলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু নতুন মন্ত্রী আসার পরও চাকরি না হওয়ায় তাঁরা কুদ্দুসের কাছে টাকা ফেরত চান। এ সময় কুদ্দুস তাঁদের বলেন, ‘সরকার নিজেই কাজ পায় নাই। আমি তোমাদের চাকরি কীভাবে দেব।’বানজানা গ্রামের সাইদুর রহমান বলেন, ‘আমি নিজেদের জমির কাজকর্ম দেখাশোনা করতাম। ভালো বেতনের কাজের কথা শুনে সরল বিশ্বাসে কুদ্দুসের কাছে ২০ হাজার টাকা দিই। এখন না পাচ্ছি কাজ, না পাচ্ছি টাকা ফেরত।’অভিযুক্ত কুদ্দুস ফকির বলেন, ‘আমি মাধ্যম থাকলেও কেউ আমার কাছে টাকা জমা দেননি। সবাই মাহবুবের কাছে টাকা জমা দিয়েছেন।’ ১০ হাজার করে টাকা নেওয়ার কথা অস্বীকার করে তিনি বলেন, প্রত্যেকের কাছ থেকে এক হাজার বা এক হাজার ২০০ টাকা নেওয়া হয়েছে। তাঁরা নিজেরাই সরাসরি টাকা জমা দিয়েছেন, অনেকে টাকা ফেরতও পেয়েছেন। চাকরি না পেলে এখন তাঁর কিছু করার নেই। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর কোনো আত্মীয় চাকরি করেন কি না, জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। মাহবুবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদর উদ্দিন সরদার বলেন, ‘পদ্মা সেতুতে কাজ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার বিষয়টি মুঠোফোনে শুনেছি। তবে এ ব্যাপারে স্থানীয় কেউ আমার কাছে অভিযোগ করেনি।’