পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির তদন্ত শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির তদন্ত এখনো শেষ হয়নি। অনুসন্ধান চলছে, তথ্য-প্রমাণ সংগ্রহ হয়েছে। কাজ শেষ হলে প্রতিবেদন জমা দেওয়া হবে। গতকাল রোববার দুপুরে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান এ কথা বলেন। একই সঙ্গে গতকাল রোববার প্রকাশিত বিভিন্ন দৈনিকে পদ্মা সেতুর মূল প্রকল্পে দুদক দুর্নীতি পায়নি বলে যেসব প্রতিবেদন ছাপা হয়েছে সেগুলো সঠিক নয় বলেও জানান তিনি। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বরাত দিয়ে বিভিন্ন সংবাদপত্র ওই খবর প্রকাশ করে। পদ্মা সেতুর অর্থ জোগানদাতা বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে গত অক্টোবরে তাদের অর্থায়ন স্থগিত করে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক ছাড়াও এডিবি, জাইকা ও ইসলামী উন্নয়ন ব্যাংকের অর্থ দেওয়ার কথা রয়েছে। সরকারের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগ অস্বীকার করা হলেও বিষয়টি খতিয়ে দেখতে দুদককে দায়িত্ব দেওয়া হয়।পদ্মা সেতুর দুর্নীতির প্রতিবেদন জমা দেওয়া প্রসঙ্গে গোলাম রহমান বলেন, ‘তদন্তের বিষয়ে আমার চেয়ে বেশি কেউ জানে না। এ নিয়ে এখনো প্রতিবেদন চূড়ান্ত করা হয়নি।’