
পদ্মা সেতু প্রকল্পে ছয় হাজার ৮৫২ কোটি টাকা বরাদ্দ রেখে ২০১৩-১৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করা হয়েছে। প্রথমবারের মতো স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর নিজস্ব উন্নয়ন প্রকল্পের বরাদ্দ অন্তর্ভুক্ত করে এডিপি অনুমোদন করা হয়েছে। অনুমোদিত এডিপির আকার ৭৩ হাজার ৯৮৪ কোটি টাকা।শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে আজ মঙ্গলবার এক সভায় নতুন এডিপি অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। খবর বাসসের।সভা শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সভার বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। অনুমোদিত এডিপি সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্য অর্জিত হবে বলে ব্রিফিংয়ে আশা প্রকাশ করা হয়।অনুমোদিত এডিপির মধ্যে সরকারি অর্থ (জিওবি) ৪১ হাজার ৩০৭ কোটি টাকা, প্রকল্প সাহায্য ২৪ হাজার ৫৬৩ কোটি টাকা এবং স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়ন আট হাজার ১১৪ কোটি টাকা।যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও পদ্মা সেতুর গুরুত্ব বিবেচনায় এডিপিতে পরিবহন খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। পদ্মা সেতু প্রকল্পে ৬ হাজার ৮৫২ কোটি টাকা বরাদ্দসহ পরিবহন খাতে মোট বরাদ্দের পরিমাণ ১৫ হাজার ৩৭৪ কোটি টাকা, যা পুরো এডিপির প্রায় ২৩.৩৪ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে বিদ্যুত্ খাতে। এর পরিমাণ ৯ হাজার ৫৩ কোটি টাকা এবং এটি এডিপির প্রায় ১৩.৭৪ শতাংশ। তুলনামূলক অধিক বরাদ্দ পাওয়া অন্যান্য খাত হলো—শিক্ষা ও ধর্ম ৮ হাজার ৭৬৬ কোটি টাকা (১৩.৩১%), পল্লি উন্নয়ন ও পল্লি প্রতিষ্ঠান ৬ হাজার ৬২২ কোটি টাকা (১০.০৫%), ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ণ ৫ হাজার ৪৫৪ কোটি টাকা (৮.২৮%), স্বাস্থ্য, পুষ্টি জনসংখ্যা ও পরিবারকল্যাণ ৪ হাজার ২৪০ কোটি টাকা (৬.৪৪%) এবং কৃষি খাতে ৩ হাজার ৭২১ কোটি টাকা (৫.৬৫%)।
নতুন এডিপিতে মোট প্রকল্পের সংখ্যা এক হাজার ১৭৬টি। এর মধ্যে ২০১২-১৩ অর্থবছরের সংশোধিত এডিপি হতে স্থানান্তরিত প্রকল্পের সংখ্যা ৯৯৬টি। বরাদ্দসহ নতুন প্রকল্প ৫০টি এবং স্বায়ত্তশাসিত সংস্থা বা করপোরেশনের নিজস্ব অর্থায়নের প্রকল্প ১৩০টি। এ ছাড়া এডিপিতে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্পের সংখ্যা ৬৬১টি, সম্ভাব্য সমাপ্য প্রকল্পের সংখ্যা ৩০৫টি এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) অধীন প্রকল্পের সংখ্যা ৪৪টি।
অর্থমন্ত্রী এ এম এ মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ এনইসির সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পরিকল্পনা কমিশনের সদস্য, মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন।