পদ্মা সেতু প্রকল্পে মালয়েশিয়ার চূড়ান্ত আর্থিক প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের বিষয়ে চূড়ান্ত প্রস্তাব জমা দিয়েছে মালয়েশিয়া।গতকাল সোমবার সেতু ভবনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ দূত সামি ভেলু প্রস্তাবের অনুলিপি যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের হাতে হস্তান্তর করেন। এ সময় সেতু বিভাগের সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম ও পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। দুই পক্ষের মধ্যে সেখানে সংক্ষিপ্ত বৈঠকও হয়। সামি ভেলু আট সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, নকশা, নির্মাণ ও অর্থায়ন বিষয়ে মালয়েশিয়া চূড়ান্ত প্রস্তাব দিয়েছে। এর ওপর আলোচনা হবে। কাটছাঁট হতে পারে। প্রস্তাবটি জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ কমিটি পরীক্ষা-নিরীক্ষা করে মতামত দেবে। মালয়েশিয়ার প্রতিনিধিদলটি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেনি।ওবায়দুল কাদের আরও বলেন, মন্ত্রিসভায় এর আগে সিদ্ধান্ত হয়েছিল, দেশীয় অর্থায়নে পদ্মা সেতু হবে। তাই চূড়ান্তভাবে চুক্তি করার আগে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের সিদ্ধান্তের প্রয়োজন হবে।যোগাযোগমন্ত্রী জানান, মালয়েশিয়া তাদের প্রস্তাবে জানিয়েছে, সেখানকার এক্সিম ব্যাংকের মাধ্যমে অর্থায়ন করা হবে। তিনি বলেন, প্রস্তাব অনুকূলে হলে চুক্তি হবে। চলতি অর্থবছরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হবে জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, ফেব্রুয়ারির মধ্যে কাজ শুরু করা যাবে। কারিগরি কারণে দু-এক মাস দেরি হলেও হতে পারে।মালয়েশিয়ার এক্সিম ব্যাংক সেখানকার অর্থ মন্ত্রণালয়ের অধীন একটি আর্থিক প্রতিষ্ঠান। এটি অবকাঠামো, মূলধনী পণ্যসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করে থাকে বলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।সেতু বিভাগ সূত্র জানিয়েছে, মালয়েশিয়ার প্রতিনিধিরা গতকালের বৈঠকে জানিয়েছেন, পদ্মা সেতু প্রকল্পে ৩৩০ কোটি মার্কিন ডলার ব্যয় হবে। অবশ্য এর আগে পদ্মা সেতু প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছিল ২৯৭ কোটি মার্কিন ডলার।সূত্র আরও জানিয়েছে, মালয়েশিয়া তাদের প্রস্তাবে প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে ইতিপূর্বে করা প্রস্তাবিত পদ্মা সেতুর নকশায় কিছু পরিবর্তন আনার কথা বলেছে। এ ছাড়া তিন বছরে সেতুর নির্মাণকাজ শেষ করে ৩৭ বছর টোল আদায় করে ব্যয় উঠিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সেতু বিভাগের কর্মকর্তারা বলছেন, প্রকল্পের ব্যয় পুঙ্খানুপুঙ্খভাবে নির্ধারণ করার পরই টোল ঠিক করা হবে।পদ্মা সেতু প্রকল্পে মালয়েশিয়া কী পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারে কিংবা সুদের হার কী হবে জানতে চাইলে গতকাল ওবায়দুল কাদের বলেন, ‘কিছু বিষয় কৌশলগত কারণে এখনই বলা যাচ্ছে না।’ বিশ্বব্যাংকের অর্থে পদ্মা সেতু নির্মাণের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়নে ফিরে আসবে কিংবা যে মেঘ বা অনিশ্চয়তা আছে তা সরে যাবে—এমন আভাস পাইনি। আমাদের হাতে বিকল্প আছে। ব্যাটে-বলে যার সঙ্গে হবে, তার সঙ্গেই চুক্তিতে সম্মত হব।’এর আগে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে সরকার বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপানি ঋণদান সংস্থা জাইকা ও ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সঙ্গে চুক্তি সই করেছিল। বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগে ঋণ চুক্তি বাতিল করেছে।