পদ্মা সেতু মামলায় সাবেক সেতু সচিবসহ দুজনের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র মামলায় সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এবং সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যসচিব কাজী মো. ফেরদাউস জামিন পেয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক তাঁদের জামিন মঞ্জুর করেন। আসামিদের আইনজীবী এহসানুল হক সমাজি আদালতকে বলেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। পদ্মা সেতু নিয়ে দুর্নীতি হয়নি। আসামিদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার চেষ্টা এবং ক্ষমতার অপব্যবহারের যে অভিযোগ আনা হয়েছে, তা এজাহারে উল্লেখ নেই। জামিনের বিরোধিতা করে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন বলেন, এই দুই আসামি নিজ উদ্যোগে সেতু প্রকল্প বিষয়ে আহ্বায়ক কমিটি গঠন করে প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেন। এ ছাড়া আসামিরা একটি বিদেশি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার জন্য ঘুষ নেওয়ার চেষ্টা করেছিলেন। দুদক কমিশনের কাছে এ বিষয়ে তথ্য-প্রমাণ রয়েছে। এই আসামিদের বিরুদ্ধে সেতু প্রকল্পসংক্রান্ত তথ্য পাচারের অভিযোগ রয়েছে। এ পর্যায়ে তাঁরা জামিনে গেলে বিষয়টি তদন্তকে প্রভাবিত করতে পারে। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তাঁদের জামিন মঞ্জুর করেন।গত ২৬ ডিসেম্বর হাইকোর্ট থেকে বের হওয়ার কিছুক্ষণ পর দুদকের একটি দল মোশাররফ হোসেন ভূঁইয়া ও কাজী মো. ফেরদাউসকে গ্রেপ্তার করে। তাঁরা এই মামলায় জামিন নিতে গেলে হাইকোর্ট নিয়মিত বেঞ্চে আবেদন করতে বলেছিলেন।