বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, পদ্মা সেতু হলে বরিশাল তথা দক্ষিণাঞ্চলের শিল্প বিকাশের সব অন্তরায় দূর হবে। গতকাল বৃহস্পতিবার সকালে বরিশালে বাংলাদেশ ব্যাংকের নতুন ভবনের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।নতুন ভবনের সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মাহফুজুর রহমান ও মো. জাহাঙ্গীর আলম, বরিশালের মহাব্যবস্থাপক মো. গোলাম মোস্তফা প্রমুখ। গভর্নর আতিউর রহমান বলেন, বরিশাল কৃষির জন্য একটি অপার সম্ভাবনাময় অঞ্চল। এ ছাড়া মৎস্য প্রক্রিয়াকরণ, পর্যটন ও জাহাজ নির্মাণশিল্পের জন্যও এই অঞ্চলের সম্ভাবনা ব্যাপক। ব্যাংক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে গভর্নর বলেন, উন্নয়নের লক্ষ্যে দক্ষিণাঞ্চলের সম্ভাবনাময় শিল্প খাতগুলোতে ঋণ দেওয়ার জন্য উদ্যোক্তাদের আগ্রহী করে তুলতে হবে। এ ছাড়া যেসব ব্যাংকে সিএসআর (সেবামূলক) খাত রয়েছে, সেসব ব্যাংক মাদকসেবীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কার্যক্রম চালাতে পারে। ১৯৯১ সালে বরিশাল নগরের দীনবন্ধু সেন সড়কে একটি ভাড়া বাড়িতে বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার কার্যক্রম শুরু হয়।