পদ্মা সেতু দিয়ে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ তৈরি করা হবে। এ জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। সেতুর দুই পারে ১৭২ কিলোমিটার ব্রডগেজ রেলপথ হবে। এর ফলে কম সময়ে রাজধানী থেকে খুলনা ও যশোরে পৌঁছানো যাবে।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পদ্মা সেতু রেল-সংযোগ প্রকল্প পাস করা হয়। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, উদ্বোধনের দিন থেকেই পদ্মা সেতু দিয়ে যানবাহনের পাশাপাশি ট্রেনও চলবে।
প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, ৩৪ হাজার ৯৮৮ কোটি টাকার এই প্রকল্পে চীন সরকার দেবে ২৪ হাজার ৭৪৯ কোটি টাকা। বাকি টাকা সরকার নিজস্ব তহবিল থেকে জোগান দেবে। প্রকল্পটি ২০২২ সালের জুন মাস নাগাদ শেষ হবে। এই রেলপথ নির্মাণকে চার ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো কমলাপুর থেকে গেন্ডারিয়া, গেন্ডারিয়া থেকে মাওয়া,¹মাওয়া থেকে ভাঙ্গা এবং ভাঙ্গা জংশন থেকে যশোর। পরিকল্পনামন্ত্রী বলেন, প্রথম দিন থেকে যাতে সেতুর ওপর দিয়ে ট্রেন চলতে পারে, সে জন্য ফরিদপুরের ভাঙ্গা হয়ে মাওয়া পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ ২০১৮ সালের মধ্যে শেষ হবে। ওই বছরই পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার কথা। মূল সেতুতে চার লেনের সড়কের পাশাপাশি রেলপথ নির্মাণ করা হবে।
প্রস্তাবে আরও বলা হয়েছে, এই রেলপথ নির্মাণ হলে ঢাকা থেকে যশোর, খুলনা, বেনাপোল ও মংলা পর্যন্ত সরাসরি সংযোগ সম্ভব হবে। বর্তমানে বঙ্গবন্ধু সেতু হয়ে অনেক ঘুরপথে ঢাকা থেকে যশোর ও খুলনায় রেল যোগাযোগ আছে। পদ্মা সেতুর ওপর দিয়ে নতুন রেলপথ সংযুক্ত হলে ঢাকা-খুলনার দূরত্ব কমবে ২১২ কিলোমিটার। আর ঢাকা-যশোর ও ঢাকা-দর্শনার দূরত্ব কমবে যথাক্রমে ১৮৪ কিলোমিটার ও ৪৪ কিলোমিটার। প্রকল্পটি ফাস্ট প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ছাড়া সড়কপথে যোগাযোগ সহজ করতে যাত্রাবাড়ী থেকে মাওয়া এবং মাদারীপুরের পাঁচ্চর থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত বিদ্যমান সড়কটি চার লেনে উন্নীত করা হবে। এ জন্য গতকাল ৬ হাজার ২৫২ কোটি টাকার প্রকল্প পাস করা হয়েছে। দেশজ অর্থায়নে প্রকল্পটি হবে।
পরিকল্পনামন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণসহ এই দুটি প্রকল্প বাস্তবায়িত হলে মোট দেশজ উৎপাদন (জিডিপি) দেড় থেকে পৌনে দুই শতাংশ বৃদ্ধিতে সহায়তা করবে। অন্য দেশের তুলনায় কিলোমিটারপ্রতি সড়ক নির্মাণ খরচ বাংলাদেশে বেশি কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মূলত জমির দামে কারণে প্রকল্প ব্যয় বেশি। জাপানের টোকিও, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও ভারতের মুম্বাইয়ের পর বাংলাদেশে জমির দাম সবচেয়ে বেশি।
এই দুটি প্রকল্পসহ গতকাল একনেক সভায় ৪৪ হাজার ১৬৭ কোটি টাকার নয়টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে স্থানীয় মুদ্রায় দেওয়া হবে ১৯ হাজার ২৬৫ কোটি টাকা। আর প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ২৪ হাজার ৭৪৯ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা নিজস্ব তহবিল থেকে দেবে ১৫২ কোটি টাকা।