পদ্মা সেতুতে কাজের নামে টাকা নেওয়ার অভিযোগ তদন্তে পুলিশ
পদ্মা সেতুতে কাজ দেওয়ার কথা বলে তিন শতাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ তদন্ত শুরু করেছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ। তিতাস আর্কিটেক্ট লিমিটেডের পরিচালকসহ পাঁচ কর্মচারীকে গতকাল মঙ্গলবার থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।পদ্মা সেতুর নির্মাণকাজে বিভিন্ন পদে লোক নিয়োগের কথা বলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে তিন শতাধিক লোক এনে কেরানীগঞ্জের ভাওয়ারভিটি এলাকায় রেখেছে তিতাস আর্কিটেক্ট। কাজভেদে তাঁদের ১২ থেকে ২৫ হাজার টাকা মাসিক বেতন দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ জন্য ওই সব লোকজনের কাছ থেকে ১০ থেকে ২০ হাজার করে টাকা নিয়েছে বলে অভিযোগ। গতকাল দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) উত্তম সাহার নেতৃত্বে একদল পুলিশ ভাওয়ারভিটি এলাকায় গিয়ে প্রতারণার শিকার লোকজনের সঙ্গে কথা বলে। এরপর অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে সেখান থেকে তিতাস আর্কিটেক্টের পরিচালক দাবিদার মো. কামরুজ্জামান (৪০), সুপারভাইজার ফাহিম আহমেদ চৌধুরী (৩২) ও এমরান ইবনে মনির (২৫) এবং কর্মচারী মো. মনিরুল ইসলাম (৪৫) ও আসলাম মিয়াকে (৩০) আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।প্রতারণার শিকার দুই যুবক মো. সবুজ আলী ও নাজমুল পুলিশকে জানান, লোকমুখে খবর পেয়ে তাঁরা দুজন তিতাস আর্কিটেক্টের ঢাকার কার্যালয়ে যোগাযোগ করেন। এরপর তাঁদের পদ্মা সেতুর নির্মাণকাজে বৈদ্যুতিক মিস্ত্রির কাজ দেওয়া হয়। তবে এর জন্য তাঁদের কাছ থেকে ৫০ হাজার টাকা নেয় তিতাস আর্কিটেক্ট।রাজশাহীর পবা উপজেলার ইকবাল হোসেন পুলিশকে জানান, মাসিক ১৫ হাজার টাকা বেতনে শ্রমিকের কাজ দেওয়ার কথা বলে তিতাস আর্কিটেক্ট তাঁর কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়েছে।এসআই উত্তম সাহা প্রথম আলোকে বলেন, তিতাস আর্কিটেক্টের পরিচালকসহ পাঁচ কর্মচারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে তাঁদের ওপর নজরদারি করা হবে।