পদ্মা সেতুতে জাপানের সাহায্য পিছিয়ে গেছে
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে জাপানের প্রতিশ্রুত ৪০ কোটি ডলারের সাহায্য পিছিয়ে গেছে। ভূমিকম্প ও সুনামিতে পর্যুদস্ত দেশটি পুনর্গঠনে সর্বাধিক গুরুত্ব দেওয়ায় পদ্মা সেতুতে আর্থিক সহায়তা শিগগিরই দেওয়া হচ্ছে না। জানতে চাইলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি জাপান আমাদের আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ভূমিকম্প ও সুনামির পর তারা নিজের দেশের পরিস্থিতির ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আর তাদের আর্থিক বছর মার্চে শেষ হয়। ফলে আগামী অর্থবছরে পদ্মা সেতুতে তারা সহায়তা দেবে।’কবে নাগাদ এই সহায়তা পাওয়া যেতে পারে জানতে চাইলে ইআরডি সচিব বলেন, যেহেতু তারা এই মুহূর্তে অর্থনৈতিক পুনর্গঠনে মনোযোগ দিচ্ছে, তাই খুব স্পষ্ট নয়, কখন এই সহায়তা পাওয়া যাবে।প্রসঙ্গত, পদ্মা সেতুতে আর্থিক সহায়তার ব্যাপারে চলতি মাসে একটি চুক্তি সইয়ের কথা ছিল।এ ব্যাপারে জাপান দূতাবাসের অর্থনৈতিক বিভাগের প্রধান তাজা মাসাইয়োকি গতকাল সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পদ্মা সেতুতে জাপানের সাহায্য স্থগিত করা হয়নি। জাপানের সাম্প্রতিক পরিস্থিতির কারণে সরকার এখন দেশ পুনর্গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তাই বিভিন্ন দেশে যেসব আর্থিক সহায়তার সিদ্ধান্ত হয়েছে, তা বাস্তবায়ন কিছুটা পিছিয়ে গেছে।জানা গেছে, বাংলাদেশের সঙ্গে সামগ্রিক অর্থনৈতিক সহযোগিতার বিষয় পর্যালোচনার জন্য টোকিও থেকে একটি প্রতিনিধিদল গত সোমবার ঢাকায় এসেছে। বাংলাদেশে তিন দিনের সফরের সময় জাপানের ওই প্রতিনিধিদল একাধিক বৈঠক করবে। তবে এসব বৈঠকে পদ্মা সেতুতে শিগগিরই আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে কথা হবে না বলে দায়িত্বশীল কূটনৈতিক সূত্র জানিয়েছে। এদিকে ইআরডি সচিব মোশাররফ হোসেন জানান, জাপানের আর্থিক সহায়তা পিছিয়ে গেলেও পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন বিঘ্নিত হবে না। কারণ এই প্রকল্পে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ও ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রতিশ্রুত সহায়তার মাধ্যমে প্রকল্পের কাজ শুরু হবে।প্রসঙ্গত, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম বন্দরের যোগাযোগ স্থাপনের লক্ষ্যে চলতি বছর পদ্মা সেতু নির্মাণ শুরুর কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০১৫ সালে পদ্মা সেতু নির্মাণ শেষ হবে।