পদ্মা সেতুতে ঠিকাদার নিয়োগে দুর্নীতি হয়নি: দুদক
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে ঠিকাদার নিয়োগে দুর্নীতির প্রমাণ পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর বাসসের।দুদকের সংশ্লিষ্ট সূত্র জানায়, পদ্মা সেতু প্রকল্পে ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্ত এরই মধ্যে শেষ হয়েছে। ওই ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তে কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন তাঁর তদন্তকাজ শেষ করেছেন। তদন্তের সময় তিনি বিশ্বব্যাংক ও কানাডীয় কোম্পানির কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করেছেন এবং সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সঙ্গে কথা বলেছেন।সূত্র জানায়, তবে তদন্তের সময় দুদক কর্মকর্তা ওই ঠিকাদার নিয়োগে দুর্নীতির কোনো বিষয় খুঁজে পাননি। সূত্র আরও জানায়, কমিশনের কার্যবিবরণীতে অন্তর্ভুক্তির অনুমতি চেয়ে প্রতিবেদনটি আগামী সপ্তাহে দুদকের কমিশনের সামনে উপস্থাপন করা হবে। তদন্তে যেহেতু দুর্নীতির কোনো সন্ধান মেলেনি, কাজেই ওই অভিযোগ বাতিল করার আবেদন জানানো হবে। এ ছাড়া পদ্মা সেতু নির্মাণে উপদেষ্টা নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে বর্তমানে কাজ করছেন দুদকের সহকারী পরিচালক মির্জা জাহিদুল ইসলাম।ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠায় গত বছর বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে ঋণ স্থগিত করার ঘোষণা দেয়। গত বছরের ১০ অক্টোবর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য গণমাধ্যমকে জানান।