নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রকল্প হওয়ার আগে দেশে-বিদেশের কোথাও দুর্নীতির নজির নেই। আওয়ামী লীগ এবার পদ্মা সেতুতে সেই দুর্নীতির বিরল ঘটনা ঘটিয়েছে।আমীর খসরু আরও বলেন, আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও উপদেষ্টারা দুর্নীতিতে নিমজ্জিত। তাই এখন শুধু নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন নয়, চোরদের ধরারও ব্যবস্থা করতে হবে। এই দুর্নীতিবাজদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করতে হবে। বিমানবন্দর ও সীমান্ত এলাকা পাহারা দিতে হবে, যেন তাঁরা পালিয়ে যেতে না পারেন।কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী পদ্মা সেতুসহ সরকারের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু এই কথা বলেন। গতকাল রোববার ১৮ দলের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে এই সমাবেশ হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আমির ও সাংসদ আ ন ম শামসুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন।