যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নির্মাণের জন্য বিদেশি তহবিল পাওয়া গেলে তা নেওয়া হবে। গতকাল সোমবার সংসদের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
এ সম্পর্কে স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, নয় হাজার ১৭২ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের পদ্মা সেতু নির্মাণের জন্য তিনটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে। জুনে আর্থিক ও কারিগরি প্রস্তাব মূল্যায়ন শেষে ঠিকাদার নিয়োগ চূড়ান্ত করা হবে। আশা করা যায়, বর্তমান অর্থবছরেই পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু করা হবে।
সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, চীনের সরকারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি জি টু জি ভিত্তিতে কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল তৈরির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। সরকার সম্মত হয়েছে। শিগগির টানেল নির্মাণের কাজ শুরু হবে।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে যোগযোগমন্ত্রী বলেন, জাপানি প্রতিষ্ঠান জাইকার সহায়তায় আট হাজার ৪৮৬ কোটি টাকা ব্যয়ে চার লেনবিশিষ্ট দ্বিতীয় কাঁচপুর সেতু, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতু নির্মাণের লক্ষ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে। বর্তমানে তিনটি সেতু নির্মাণের নকশা প্রণয়নের কাজ চলছে। তিন বছরের মধ্যে তিনটি সেতু নির্মাণের কাজ শেষ হবে।
প্রশ্নোত্তর পর্বের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পাঁচটার পর সংসদের অধিবেশন শুরু হয়।
ছাত্রলীগ নামধারীদের আইনের আওতায় আনার দাবি: ছাত্রলীগ নামধারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিরোধী দলের চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী। গতকাল সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় তিনি এ দাবি জানান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের গুলিবিনিময়ের ঘটনা তুলে ধরে তাজুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপ অস্ত্র ব্যবহার করেছে। এ দৃশ্য আগেও দেখা গেছে। যে কারণে প্রক্টর পদত্যাগও করেছেন। তারা যদি ছাত্রলীগ হয়, ছাত্রলীগ নামধারী হয়, তাদের বিচার করা উচিত। তা না হলে আরও তাণ্ডব চলবে।’
অনির্ধারিত আলোচনা শেষে রাষ্ট্রপতির ভাষণ-সম্পর্কিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা হয়। সব শেষে সংসদের অধিবেশন আজ বিকেল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।