পদ্মা সেতুতে বিনিয়োগের প্রস্তাব চীনের
পদ্মা সেতু প্রকল্পে ২৪০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে প্রস্তাব দিয়েছে চীনের পলি টেকনোলজি করপোরেশন। এতে মূল অর্থায়ন করবে চীনা এক্সিম ব্যাংক।
আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে চীনা এক্সিম ব্যাংক ও পলি টেকনোলজি করপোরেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।
বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের জানান, পদ্মা সেতু প্রকল্পে বিনিয়োগে চীনা প্রস্তাবটি আগেই এসেছে। আজ এ বিষয়ে কথা হয়েছে। বিদেশিদের সঙ্গে অর্থনৈতিক চুক্তি করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। তাই চীনের এই প্রস্তাব ইআরডিতে পাঠানো হয়েছে। ইআরডি যদি এটি গ্রহণযোগ্য মনে করে, তাহলে তারা তা সেতু বিভাগকে জানাবে। তখন সেতু বিভাগ করণীয় ঠিক করবে।
সরকার ইতিমধ্যে নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে দরপত্র দিয়েছে। এই প্রেক্ষাপটে এখন আর বিদেশি বিনিয়োগ দরকার আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু নির্মাণে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা লাগবে। চীনের প্রস্তাব যদি গ্রহণযোগ্য হয়, তাহলে বৈদেশিক মুদ্রার প্রয়োজন মেটানো যাবে। সে ক্ষেত্রে আমাদের রিজার্ভে চাপ পড়বে না। সবকিছু বিবেচনা করা হবে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে।’