পদ্মা সেতুতে রেল স্থাপনে রেলওয়ে-সেনাবাহিনীর চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু রেল-সংযোগ প্রকল্পের সুপারভিশন পরামর্শক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স এবং বুয়েটের বিআরটিসি সমন্বয়ে গঠিত পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ রেলওয়ের এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ রোববার রাজধানীতে রেল ভবনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ রেলওয়ের পদ্মা সেতু রেল-সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক সুকুমার ভৌমিক এবং বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট (সিএসসি) সেলের প্রকল্প ব্যবস্থাপক কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদ। খবর বাসস।

পদ্মা সেতু রেল-সংযোগ প্রকল্পের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট (সিএসসি) সেল, বুয়েটের বিআরটিসি সুপারভিশন পরামর্শক হিসেবে সেবা প্রদান করবে। ঢাকা থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে ভাঙ্গা, নড়াইল হয়ে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার সিঙ্গেল লাইন ব্রডগেজ রেলপথ স্থাপন প্রকল্পটি বাংলাদেশ সরকারের বৃহৎ আকার বাজেটের একটি উন্নয়ন প্রকল্প। পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৯৯০ কোটি টাকা। এর মধ্যে চীন সরকার প্রদান করবে ২৪ হাজার ৭৪৯ কোটি টাকা এবং বাংলাদেশ সরকার প্রদান করবে ১০ হাজার ২৪০ কোটি টাকা। সিএসসির জন্য প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৯৪২ কোটি টাকা।

প্রকল্পটি বাস্তবায়নকাল ধরা হয়েছে ছয় বছর।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বলেন, বর্তমান সরকার যাত্রীদের সেবার মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে ৪৬টি প্রকল্প চলমান রয়েছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী বাংলাদেশের সব জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনা হবে। এ জন্য সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ঢাকা থেকে চট্টগ্রামের মধ্যে বুলেট ট্রেন চালুর জন্য প্রকল্প নেওয়া হচ্ছে। এ ছাড়া ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা সমুদ্রবন্দর পর্যন্ত রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বলেন, পদ্মা সেতু রেলওয়ে সংযোগ প্রকল্প বাস্তবায়ন হলে সাউথ এশিয়া সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশনের সদস্য দেশগুলো আন্তর্দেশীয় যাত্রী ও মালামাল পরিবহনের লক্ষ্যে সুষ্ঠু রেলওয়ে কানেকটিভিটি স্থাপন হবে।

পরামর্শক সেবার আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের সদস্যরা ঠিকাদার কর্তৃক দাখিল করা নকশা যাচাই করে তার অনুমোদন প্রদান করবে। এ ছাড়া রেলপথের জন্য ভূমি অধিগ্রহণ, সাইট ক্লিয়ারেন্স এবং পুনর্বাসন কার্যক্রমে সহায়তা ও তদারকি করবে। দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নির্মাণকাজের সুষ্ঠু তদারকিসহ আন্তর্জাতিক মান বজায় রেখে যথাসময়ে কার্য সম্পাদনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহউদ্দিন। এতে বক্তৃতা করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন।