পদ্মা সেতুতে শুরুতে ট্রেন চলবে না
পদ্মা সেতুতে শুরুতেই ট্রেন চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে। নকশা অনুযায়ী সেতুতে রেললাইনের ব্যবস্থা থাকলেও দুই পাড়ে সংযোগ লাইন না থাকায় শুরুতে ট্রেন চলাচল করতে পারবে না।পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকা-যশোর সরাসরি ট্রেন চালু করতে হলে নতুন করে ১৫২ কিলোমিটার রেলপথ নির্মাণ করতে হবে। যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, এই ১৫২ কিলোমিটার সংযোগ রেললাইন তৈরির লক্ষ্যে একটি প্রকল্প হাতে নেওয়া হলেও সে জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান এখনো হয়নি। উন্নয়ন-সহযোগীরা সেতু নির্মাণে সহায়তা করতে আগ্রহী হলেও রেললাইন তৈরিতে তেমন আগ্রহ দেখাচ্ছে না বলে সূত্র জানায়। চালুর দিন থেকেই পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল করবে—এমনটাই ঘোষণা দিয়েছিল সরকার। কিন্তু এখন এই বিষয়টি আর গুরুত্ব পাচ্ছে না সেতু প্রকল্পে। পদ্মা নদীর দুই পাড়ে রেললাইন স্থাপনের বিষয়টি রেলপথ বিভাগের অগ্রাধিকার তালিকায় নেই বলে দায়িত্বশীল একজন কর্মকর্তা জানিয়েছেন। ২০১৩ সালের ডিসেম্বর মাসে পদ্মা সেতু নির্মাণ শেষ করে তা যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার সরকারি ঘোষণা রয়েছে।নকশা অনুযায়ী দ্বিতলবিশিষ্ট পদ্মা সেতুতে ওপরের তলায় গাড়ি চলবে এবং নিচ দিয়ে চলবে ট্রেন। নকশায় সেতুতে ট্রেন চলাচলের ব্যবস্থা রাখা হলেও প্রকল্পে রেললাইন বসানোর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। তাই সেতু তৈরি করবে সেতু বিভাগ এবং রেললাইন স্থাপন করতে হবে রেলওয়ে কর্তৃপক্ষকে।রেলওয়ে কর্মকর্তারা জানান, পদ্মা সেতু দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার সরাসরি রেল সংযোগ করতে হলে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মাওয়া পর্যন্ত ৮৩ কিলোমিটার এবং ফরিদপুরের ভাঙ্গা থেকে পাচুরিয়া পর্যন্ত আরও ৭০ কিলোমিটার রেলপথ বসাতে হবে। এই রেলপথ হলে ঢাকা থেকে ঈশ্বরদী হয়ে যশোর পর্যন্ত রেললাইন চালু করা যাবে।২০০৮ সালে বাংলাদেশ রেলওয়ে এ সংক্রান্ত একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব তৈরি করে পরিকল্পনা কমিশনে পাঠায়। ওই প্রস্তাবে বলা হয়েছে, ১৫২ কিলোমিটার রেলপথ নির্মাণে আনুমানিক খরচ হবে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা।রেলওয়ে সূত্রে জানা গেছে, এত বড় প্রকল্প সম্ভাব্যতা যাচাই ছাড়া বাস্তবায়ন সম্ভব নয়। ভারতসহ আশপাশের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) রেলওয়েকে সাতটি প্রকল্পে প্রায় ১০০ কোটি টাকা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সাতটি প্রকল্পের মধ্যে পদ্মা সেতুর সঙ্গে সংযোগকারী রেলপথ নির্মাণে সম্ভাব্যতা যাচাই প্রকল্পও রয়েছে। তবে এখনো সব কিছু মৌখিক পর্যায়ে রয়েছে। এর আগে দক্ষিণ কোরিয়া সম্ভাব্যতা যাচাই কাজে অর্থ দিতে চেয়েছিল। বছরের প্রথম দিকে দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধিদলের সঙ্গে রেলওয়ের কয়েক দফা বৈঠকও হয়। কিন্তু যোগাযোগ মন্ত্রণালয় পরে এ ব্যাপারে পিছুটান দেয়। রেলওয়ে কর্মকর্তারা জানান, পদ্মার দুই পাড়ে সরকার বিদেশি অর্থায়নে রেললাইন করতে চায়। সে ক্ষেত্রে প্রকল্পের সম্ভাব্যতা যাচাইও বিদেশি অর্থে করার আগ্রহ উন্নয়ন-সহযোগীদের।রেলওয়ে কর্মকর্তারা আরও জানান, সম্ভাব্যতা যাচাইয়ের পরও রেলপথের নকশা প্রণয়নে দুই বছর লেগে যাবে। এরপর রেললাইন নির্মাণের অর্থ জোগাড় করা, ঠিকাদার নিয়োগ এবং রেলপথ নির্মাণকাজ শুরু হবে। এসব প্রক্রিয়া পার করে ২০১৩ সালের মধ্যে পদ্মা সেতু দিয়ে ট্রেন চালানো সম্ভব নয়।এ প্রসঙ্গে জানতে চাইলে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, বঙ্গবন্ধু সেতুর মতো প্রথম দিন থেকেই ট্রেন চলবে না পদ্মা সেতু দিয়ে। নতুন লাইন তৈরি করে চালাতে হবে। এডিবি অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সরকার প্রথম দিন থেকেই ট্রেন চালাতে চেয়েছিল। কিন্তু নতুন রেললাইন তৈরি সময়সাপেক্ষ ব্যাপার বলে তা একটু দেরিতে হবে।