সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত সব সড়ককে চার লেনে উন্নীত করা হবে। জাতীয় সংসদে গতকাল রোববার আ খ ম জাহাঙ্গীর হোসাইনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল নামে তিনটি সেতু তৈরি করা হবে।
মমতাজ বেগমের প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, পদ্মা সেতুর বাস্তবায়ন কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে জাজিরা অ্যাপ্রোচ সড়ক নির্মাণের কাজ ৩০ শতাংশ, মাওয়া অ্যাপ্রোচ সড়ক নির্মাণের কাজ ২২ শতাংশ এবং সার্ভিস এলাকা-২-এর নির্মাণকাজ ১৫ শতাংশ শেষ হয়েছে। এ ছাড়া মূল সেতু নির্মাণের জন্য মাটি পরীক্ষা, স্টিল ফেব্রিকেশন ও খননের কাজ চলছে। নদী শাসনের জন্য জরিপের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ভূমি অধিগ্রহণের কাজ শেষ পর্যায়ে আছে।
তাহজীব আলম সিদ্দিকীর প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়ককে চার লেনে উন্নীত করার কাজ আগামী জুনের মধ্যে শেষ হবে বলে আশা করছি। এখন পর্যন্ত এ প্রকল্পের ৬৪ দশমকি ৫৮ শতাংশ কাজ শেষ হয়েছে।’ তিনি জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান এই প্রকল্পের তৃতীয় ধাপের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে না পারলে কাজটি সেনাবাহিনীকে দিয়ে করানো হবে।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ এ বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে। এই মহাসড়কটিকে ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। নুরজাহান বেগমের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতিমধ্যে পরিচালিত সমীক্ষা অনুযায়ী ঢাকার মহাখালী উড়ালসড়ক থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন এলাকায় ১৪০ মিটার আন্ডারপাস ও ৪৪০ মিটার সার্ভিস রোড এবং ৫৮০ মিটার র্যা ম্পসহ মোট ৪৯০ মিটার উড়ালসড়ক নির্মাণের প্রাথমিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা শহরের যানজট নিরসনে হেমায়েতপুর, কদমতলী মোড়, নিমতলী, সিরাজদিখান ও মদনগঞ্জ হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর পর্যন্ত ৮০ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
দিদারুল আলমের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক বলেন, সরকারের মালিকানাধীন কোনো পাটকল বর্তমানে বন্ধ নেই। তবে বেসরকারি মালিকানাধীন ২৫টি পাটকল বন্ধ আছে। এসব কারখানার শ্রমিকের সংখ্যা ১১ হাজার ৩৪২ জন।
আমিনা আহমদের প্রশ্নের জবাবে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ জানান, দেশে গত পাঁচ বছরে নারী নির্যাতন-সম্পর্কিত মামলার সংখ্যা দুই লাখ ৫৮ হাজার ৫২টি। এর মধ্যে নারী ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে ১৬ হাজার ৭৭৪টি।
দিদারুল আলমের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, গত এক বছরে রেলের ৮৭৯ কোটি ৫ লাখ ৭৪ হাজার টাকা লোকসান হয়েছে।
বিকেল পাঁচটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর পর্ব শুরু হয়।