পদ্মা সেতুর অভিজ্ঞতা থেকে সরকারকে শিক্ষা নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীতে বিব্রতকর পরিস্থিতি এড়াতে পদ্মা সেতুর অভিজ্ঞতা থেকে সঠিক শিক্ষা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।বিশ্বব্যাংক নতুন করে পদ্মা সেতু প্রকল্পে সম্পৃক্ত হওয়ার ঘোষণা দেওয়ায় টিআইবি গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ আহ্বান জানায়। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে বলেন, এ মুহূর্তে বিশ্বব্যাংকের সিদ্ধান্তকে সরকার কূটনীতিক সাফল্য হিসেবে বিবেচনা করতে পারে। তবে পুরো ঘটনার প্রেক্ষাপটে সঠিক শিক্ষা নিতে হলে, সরকারকে অবশ্যই দুর্নীতির অভিযোগ অস্বীকারের প্রবণতা পরিহার করতে হবে। সেই সঙ্গে এ অভিযোগের পক্ষপাতহীন এবং সব ধরনের প্রভাবমুক্ত তদন্ত করতে হবে। তদন্তে দোষী প্রমাণিত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।ইফতেখারুজ্জামান আরও বলেন, দুর্নীতির অভিযোগ ওঠার পর যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে সরকার শুধু নিজের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করেনি, সেই সঙ্গে উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সুযোগ থেকে জনগণকে বঞ্চিত করেছে।টিআইবির প্রধান নির্বাহী মনে করেন, পদ্মা সেতুর অর্থায়নকে কেন্দ্র করে জনগণের মধ্যে দুর্নীতি নিয়ে সরকারের নির্বাচনী অঙ্গীকার প্রশ্নে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। বিশ্বব্যাংকের সিদ্ধান্তের ফলে জনগণের আস্থা ফিরে আসবে, এমনটা ভাবার কোনো কারণ নেই।পদ্মা সেতুর অর্থায়নকে কেন্দ্র করে পুরো প্রক্রিয়ায় সরকারের বিপজ্জনক নীতি বিশ্বব্যাংকের সঙ্গে দর-কষাকষিতে সরকারের অবস্থানকে দুর্বল করেছে। এর ফলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সরকারের স্বাধীনতা খর্ব করবে। সে কারণে নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে সংগতি রেখে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণ করতে হবে। বিজ্ঞপ্তি।