পদ্মা সেতু প্রকল্পে বাতিল হওয়া ১২০ কোটি ডলার এখন অন্য প্রকল্পে পাওয়ার জন্য বিশ্বব্যাংকের সঙ্গে দেনদরবার করতে ওয়াশিংটন যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সঙ্গে এ ব্যাপারে আগামী ২৭ ফেব্রুয়ারি অর্থমন্ত্রীর বৈঠক। এ জন্য ২৪ ফেব্রুয়ারি চার সদস্যের উচ্চপর্যায়ের একটি দল নিয়ে ওয়াশিংটনের উদ্দেশে অর্থমন্ত্রী দেশ ছাড়বেন। গতকাল সোমবার বিকেলে অর্থমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান। গত ৩১ জানুয়ারি সরকার বিশ্বব্যাংককে জানিয়ে দেয় যে, পদ্মা সেতুর জন্য বিশ্বব্যাংকের অর্থায়ন লাগবে না। এর পর থেকেই সরকার বিশ্বব্যাংকের প্রতিশ্রুত অর্থ অন্য প্রকল্পে নেওয়া নিয়ে চেষ্টা চালাচ্ছে। অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক প্রেসিডেন্ট তাঁর সঙ্গে বৈঠকের জন্য সময় দিয়েছেন। আমাদের যা যা পরিকল্পনা রয়েছে সবই ওখানে উপস্থাপন করব। তবে সেতু নির্মাণের কাজ নতুন করে শুরু করা হবে মূলত ওয়াশিংটন থেকে ফিরে আসার পর।’ পদ্মা সেতুতে অর্থায়নের ব্যাপারে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা) কাছে এরই মধ্যে চিঠি পাঠানো হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এবার ইসলামি উন্নয়ন ব্যাংককে (আইডিবি) চিঠি পাঠাতে হবে।’ এদিকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্র জানায়, বৈঠকের পুরো বিষয়টি দেখভাল করতে বাংলাদেশে নিযুক্ত সংস্থাটির ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি সালমান জহির বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন। আর, প্রতিনিধিদলে থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, ইআরডি সচিব মো. আবুল কালাম আজাদ এবং উপসচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী। বৈঠকে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বিশ্বব্যাংকের চলমান সহায়তা এবং সম্ভাব্য অর্থায়ন নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।জানা গেছে, চার বছর মেয়াদি কান্ট্রি অ্যাসিসটেন্স স্ট্র্যাটেজির (সিএএস) আওতায় বিশ্বব্যাংক সদস্যদেশগুলোকে অর্থসহায়তা দিয়ে থাকে। কোনো কারণে এক প্রকল্পে অর্থায়ন বাতিল হলেও অন্য প্রকল্পে তা পাওয়া যেতে পারে। সিএএসের আওতায় ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর চার বছর (২০১১-১৪) মেয়াদে বাংলাদেশকে ৬১০ কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণা দেয় বিশ্বব্যাংক। এর মধ্যে পদ্মা সেতু প্রকল্পের ১২০ কোটি ডলারও ছিল।