পদ্মা সেতুর অর্থসহ সব বিষয় নিষ্পত্তি করেছে মালয়েশিয়া!
পদ্মা বহুমুখী সেতু প্রকল্প-সংক্রান্ত বিষয়গুলো চূড়ান্ত করতে ৪-৬ আগস্ট ঢাকায় বৈঠক করবে মালয়েশিয়া ও বাংলাদেশ। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা গতকাল সোমবার এ খবর দিয়েছে।বার্তা সংস্থার খবরে বলা হয়, ভারত ও দক্ষিণ এশিয়ায় মালয়েশিয়ার বিশেষ দূত দাতুক সেরি এস সামি ভেল্লু ঢাকায় মালয়েশীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তিনি পদ্মা সেতু প্রকল্পের বিষয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করবেন এবং প্রকল্প-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে একটি দৃঢ় প্রতিশ্রুতি গ্রহণের চেষ্টা করবেন। এ ছাড়া তিনি পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শনে যাবেন।পদ্মা সেতু চুক্তি সম্পর্কিত একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, পদ্মা সেতু প্রকল্পের কারিগরি ও অর্থসংক্রান্ত প্রায় সব বিষয়ই মালয়েশিয়া নিষ্পত্তি করে ফেলেছে। সফরকালে প্রতিনিধিদলটি ঢাকার কাছ থেকে পূর্ণাঙ্গ প্রতিশ্রুতি পাওয়ার পর বাংলাদেশ সরকারের কাছে তারা একটি চূড়ান্ত খসড়া চুক্তি উপস্থাপন করবে।খবরে আরও বলা হয়, বিভিন্ন সূত্র ও সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে বাংলাদেশের গণমাধ্যমে পরস্পরবিরোধী প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে এ খবর এল। এ নিয়ে মালয়েশিয়াতেও অনেক অস্বস্তির জন্ম হয়েছিল।