প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের প্রধানমন্ত্রী হামাদ বিন জসিম বিন জাবের আল থানি পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন ও বাংলাদেশে নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের বিষয়ে আলোচনা করেছেন। গত মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র-ইসলামি বিশ্ব ফোরামের বার্ষিক সম্মেলনের এক ফাঁকে দুই নেতার মধ্যে ওই বৈঠক হয়। এতে তাঁরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন এবং এক হাজার মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়েও আলোচনা করেন। খবর বাসসের।বৈঠকে নদী খনন ও বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিয়োগের বিষয়েও আলোচনা হয়। উভয় নেতা দুটি দেশের অভিন্ন স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে গভীর আগ্রহ প্রকাশ করেন।সম্প্রতি কাতার পদ্মা সেতু নির্মাণ, বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, বিমানবন্দরের উন্নয়ন, নদী খনন, জনশক্তি প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ বাংলাদেশের বিভিন্ন বৃহৎ প্রকল্পে বিনিয়োগে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে।কাতারের আগ্রহের প্রেক্ষাপটে ওই দেশের সহায়তায় বাংলাদেশ বেশ কিছু প্রকল্পের উদ্যোগ নিচ্ছে। এর মধ্যে রয়েছে: মহেশখালীতে ১৩০ কোটি ডলার ব্যয়ে এক হাজার মেগাওয়াটের এলএনজিভিত্তিক একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, পাঁচ কোটি ৫২ লাখ ৬০ হাজার ডলার ব্যয়ে নদী খননযন্ত্রসহ নদীর নাব্যতা পুনরুদ্ধারের আনুষঙ্গিক মেশিন ক্রয় এবং এক কোটি ১০ লাখ ডলার ব্যয়ে কারিগরি প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ। এ ছাড়া প্রকল্পগুলোতে আরও রয়েছে: ৪০ কোটি ৫০ লাখ ডলার ব্যয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল ও কার্গো ভিলেজ নির্মাণ এবং ১৪ কোটি ডলার ব্যয়ে কড্ডা-জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ককে (ঢাকা বাইপাস) চার লেনে উন্নীতকরণ।পরে রিৎজ হোটেলে ওআইসির মহাসচিব একমেলেদ্দিন ইহসানুগলু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন ও প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন: কাতারে দুই দিনের সরকারি সফর শেষে গতকাল বুধবার বিকেলে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ বিমান সন্ধ্যা ছয়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরী, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, এলজিআরডি ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। এ সময় মন্ত্রিপরিষদের সচিব, তিন বাহিনীর প্রধানেরা, সচিব এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।