পদ্মা সেতুর অর্থায়নের বিষয়ে এ মাসের শেষ নাগাদ মালয়েশিয়ার সঙ্গে চূড়ান্ত চুক্তি হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।গতকাল বৃহস্পতিবার মন্ত্রী সচিবালয়ে নিজের কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন। সমঝোতা স্বাক্ষরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় স্বার্থ সমুন্নত রেখে জনগণের স্বার্থ রক্ষা করে পদ্মা সেতু হবে। এ ক্ষেত্রে আমরা বিশ্বব্যাংকের সঙ্গে বিরোধে যেতে চাই না।’সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর কাজ আমাদের শুরু করতেই হবে। বিশ্বব্যাংকের অপেক্ষায় নষ্ট করার মতো সময় সরকারের হাতে নেই। প্রয়োজনে বিশ্বব্যাংক দ্বিতীয় পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন করবে।’সাংবাদিকেরা বিশ্বব্যাংকের পক্ষ থেকে পদ্মা সেতু প্রকল্পে অনিয়মের প্রমাণ দেওয়ার খবরের কথা উল্লেখ করলে ওবায়দুল কাদের বলেন, ‘দুদক তদন্ত করে অভিযোগের প্রমাণ পায়নি। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তারা কেউ এ প্রকল্পের সঙ্গে এখন নেই।’ এর আগে ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য যোগাযোগমন্ত্রীর সঙ্গে আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণ বিষয়ে আলোচনা করেন।