পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিলে ক্ষতিগ্রস্ত হলো জনগণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণের ঋণচুক্তি বাতিল করায় সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হলো বাংলাদেশের জনগণ। এ ঘটনা দুঃখজনক। এর ফলে ভবিষ্যতে বিদেশি সহায়তাপুষ্ট প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা বাড়বে। বাংলাদেশের প্রতি দাতাদের আস্থা কমবে। নতুন প্রকল্প গ্রহণে আগ্রহ কমে যেতে পারে। গতকাল শনিবার ঋণচুক্তি বাতিলের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের দুই উপদেষ্টা আকবর আলি খান, এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম ও অর্থনীতিবিদ বিনায়ক সেন এসব কথা বলেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা আকবর আলি খান প্রথম আলোকে বলেন, পরোক্ষভাবে এটি বাংলাদেশের জন্য বেশ ক্ষতিকর হবে। ভবিষ্যতে কোনো নতুন প্রকল্প নেওয়া হলে তাতে দুর্নীতিসংক্রান্ত সম্ভাব্য বিষয়গুলোর জন্য নতুন শর্ত যুক্ত হতে পারে। এতে প্রকল্প অনুমোদন, প্রণয়ন ও বাস্তবায়ন বিলম্বিত হবে। তিনি বলেন, ভবিষ্যতে একই আচরণ অন্য উন্নয়ন-সহযোগীরাও করতে পারে। এমনকি নতুন প্রকল্প গ্রহণে উন্নয়ন-সহযোগীদের আগ্রহও কমে যেতে পারে। আকবর আলি খান মনে করেন, বিশ্বব্যাংকের অর্থায়নে অপেক্ষাকৃত ‘কম দামে’ পদ্মা সেতু নির্মাণ করা যেত। আর এটি কারিগরি ও তদারকির দিক থেকেও অনেক উন্নত হতো। কিন্তু বাণিজ্যিক ঋণ নিয়ে পদ্মা সেতু নির্মাণ করা হলে অর্থলগ্নিকারী মুনাফার বিষয়টি প্রাধান্য দেবে। এতে খরচ বাড়বে। তিনি মনে করেন, পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া উচিত। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আরেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, পদ্মা সেতু নির্মাণে এত দূর অগ্রসর হয়ে এখন বাতিল করে দেওয়ার ঘটনা সত্যিই দুঃখজনক। বিশ্বব্যাংকের এই পদক্ষেপের ফলে কী ধরনের প্রভাব পড়তে পারে, জানতে চাইলে মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, তিন ধরনের প্রভাব পড়তে পারে। প্রথমত, বিশ্বব্যাংকের ঋণ বাতিল করায় অন্য দাতাদের কাছে এক ধরনের বার্তা পৌঁছেছে যে, বাংলাদেশের সরকার দুর্নীতি দমনে খুব আন্তরিক না। দ্বিতীয়ত, এ ঘটনার ফলে এখন পদ্মা সেতু না-ও হতে পারে। তৃতীয়ত, বিকল্প উৎস থেকে অর্থ নেওয়া হলে তা বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কিংবা জাইকার মতো উন্নয়ন-সহযোগীদের চেয়ে বেশি ব্যয়বহুল হবে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক বিনায়ক সেন মনে করেন, মাথাব্যথার জন্য মাথা কেটে ফেলা হয়েছে। বাংলাদেশের প্রতি অবিচার করেছে বিশ্বব্যাংক। তবে দুই পক্ষেরই গাফিলতি ও একগুঁয়েমি ছিল এই ইস্যুতে। তাঁর মতে, দুর্নীতির অভিযোগকে প্রাধান্য দিয়ে বাংলাদেশকে দণ্ডিত করা হয়েছে। যদিও বিশ্বব্যাংকের যেকোনো সহায়তার মূল দর্শন হলো, কিছুটা প্রাতিষ্ঠানিক দুর্বলতা রয়েছে এমন দেশগুলো যাতে প্রবৃদ্ধি অর্জন করতে পারে, সে জন্য তাদের সাহায্য-সহায়তা দেওয়া। বাংলাদেশের সমস্যা হলো, সন্দেহভাজন দায়ীদের ব্যাপারে যথেষ্ট শক্ত হাতে ব্যবস্থা নেওয়া যায়নি। গত এক বছরে আলাপ-আলোচনা করে বিশ্বব্যাংকের আস্থা আনতে পারত সরকার। বিনায়ক সেন বলেন, আফ্রিকার দেশগুলোর চেয়ে বাংলাদেশের দুর্নীতির মাত্রা কম। কিন্তু আফ্রিকার দেশগুলোকে বিশ্বব্যাংক কোনো প্রকল্প বাতিল করেনি। এমনকি ভারতের অনেক প্রদেশে বাংলাদেশের চেয়ে দুর্নীতির মাত্রা বেশি, সেখানেও বিশ্বব্যাংকের প্রকল্প রয়েছে। তিনি জানান, ছাত্রীবৃত্তি, মঙ্গা এলাকায় কর্মসংস্থান প্রকল্পে দুর্নীতির এমন অভিযোগ আছে। তা সত্ত্বেও বিশ্বব্যাংক এ ধরনের কোনো প্রকল্প বাতিল করেনি। যুক্তি হলো, এসব প্রকল্প সুবিধাভোগীদের কাজে আসছে। প্রবৃদ্ধিতে সহায়ক হচ্ছে।বিনায়ক সেনের মতে, বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিল করায় সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হলো এ দেশের জনগণ।