পদ্মা সেতুর কাজ করতে এসে চীনা শ্রমিকের মৃত্যু
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা সেতুর নির্মাণকাজ করতে আসা এক চীনা শ্রমিক পানিতে পড়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে দমকল বাহিনীর ডুবুরি দল ৪০ ফুট পানির নিচ থেকে তাঁকে উদ্ধার করেছে। তাঁর নাম হি লু কুয়ান (৪০)।
পদ্মা সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হাইড্রো কোম্পানির হয়ে কাজ করতে আসেন তিনি।
লৌহজং থানার পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে হি লু কুয়ান রাতের খাবার শেষে মাওয়ায় পদ্মার তীরে নোঙর করে রাখা জাহাজে হাঁটছিলেন। ধারণা করা হচ্ছে, ওই সময় তিনি জাহাজ থেকে পা পিছলে পানিতে পড়ে যান। পা পিছলে পড়ে মাথায় আঘাত পাওয়ায় পানিতে তলিয়ে যান হি লু কুয়ান। পরে তাঁকে না পেয়ে পানিতে জুতা ভাসতে দেখে লোকজনের সন্দেহ হয়, তিনি পানিতে পড়ে গেছেন। হি লু কুয়ান সাঁতার জানতেন না। দমকল বাহিনীর ডুবুরি দল গতকাল সারা দিন চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে চারটার দিকে তীরের কাছে ৪০ ফুট পানির নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করে।