পদ্মা সেতুর কাজ শুরুর আগেই লুটপাট চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পদ্মা সেতুর একটি ইটও গাঁথা হয়নি, তার আগেই দুর্নীতি ও লুটপাট শুরু হয়ে গেছে। এ নিয়ে কানাডায় দুর্নীতির তদন্ত চলছে। দুর্নীতির কারণে বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ রেখেছে।গতকাল রোববার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার সবচেয়ে বড় দুর্নীতিপরায়ণ। তাদের দুর্নীতির কথা এখন সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত নাজির উদ্দিন জেহাদের ২১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী আজ গোটা দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন। একতরফাভাবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে দেশকে সংঘর্ষের দিকে নিয়ে গেছেন। বিএনপি রোডমার্চ করতে চায়নি। সরকারই বিএনপিকে রোডমার্চ করতে বাধ্য করেছে।জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান প্রমুখ।