পদ্মা সেতুর খবর নিয়ে মন্ত্রীর সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পদ্মা সেতুর অর্থায়নে শিগগিরই চূড়ান্ত চুক্তি হবে’ শিরোনামে গতকাল শুক্রবার প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের একাংশের সংশোধনী দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রীর পাঠানো সংশোধনীতে বলা হয়, প্রতিবেদনে বলা হয়েছে, ‘পদ্মা সেতুর অর্থায়নের বিষয়ে এ মাসের শেষ নাগাদ মালয়েশিয়ার সঙ্গে চূড়ান্ত চুক্তি হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।’ প্রকৃতপক্ষে যোগাযোগমন্ত্রী বলেছেন, ‘পদ্মা সেতুতে অর্থায়নের বিষয়ে এ মাসের শেষের দিকে মালয়েশিয়া বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রস্তাব দেবে।’ সংশোধনীতে আরও বলা হয়, প্রতিবেদনে ‘সমঝোতা স্বাক্ষরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে’ বলে যে কথা বলা হয়েছে, তা মন্ত্রীর বক্তব্যের ‘যথার্থ প্রতিফলন’ নয়। কারণ হিসেবে এতে বলা হয়, মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকারের মধ্যে গত ১০ এপ্রিল কুয়ালালামপুরে পদ্মা সেতুসহ অন্যান্য অবকাঠামো নির্মাণে সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রতিবেদকের বক্তব্যতৃতীয় অনুচ্ছেদে ‘সমঝোতা স্বাক্ষরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে’ বলতে বোঝানো হয়েছে সমঝোতা স্মারকটি স্বাক্ষরের কাজ বা প্রক্রিয়াটি ইতিমধ্যেই সম্পন্ন অর্থাৎ শেষ হয়েছে। মন্ত্রীর সংশোধনীতে এ কথাই বিশদভাবে বলা হয়েছে।