পদ্মা সেতুর ঘুষের টাকা পাচার হয়েছে: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ‘পদ্মা সেতু প্রকল্পের ঘুষের টাকা আবুল হোসেনের মাধ্যমে বিদেশে পাচার হয়েছে। এ কারণেই দুর্নীতি দমন কমিশন আবুল হোসেনের নামে মামলা করতে চায় না।’গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘গণতন্ত্র মুক্তি দিবস’ উপলক্ষে ১৮ দলীয় জোট আয়োজিত সমাবেশে ফখরুল এই অভিযোগ করেন। মির্জা ফখরুল দাবি করেন, পদ্মা সেতু প্রকল্পে মন্ত্রী ও প্রধানমন্ত্রীর আত্মীয়স্বজনের দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে এক বছরের বেশি সময় ধরে টানাহেঁচড়া চলছে। সর্বশেষ বিশ্বব্যাংকের বিশেষ দল অসন্তুষ্ট হয়ে ফিরে গেছে। তিনি বলেন, ‘আমরা দাবি জানিয়েছিলাম দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করতে, কিন্তু সরকার তা করল না। আজ নাম বেরিয়ে এসেছে। সেদিন প্রধানমন্ত্রী আবুল হোসেনকে দেশপ্রেমিক বলেছিলেন। আজ প্রমাণিত হয়েছে, আবুল হোসেন চোরের রাজা।’