পদ্মা সেতুর জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ দেওয়া শুরু
পদ্মা সেতু প্রকল্পের (মূল সেতু ও সংযোগ সড়ক) জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ দেওয়া শুরু হয়েছে। গতকাল শুক্রবার যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন মুন্সিগঞ্জের মাওয়া, শরীয়তপুরের জাজিরা ও মাদারীপুরের শিবচরের কয়েকটি স্থানে উপস্থিত থেকে জমির মালিকদের মধ্যে ক্ষতিপূরণের অর্থ তুলে দেন। মন্ত্রী ওই তিন উপজেলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য নির্মাণাধীন আবাসিক এলাকাও পরিদর্শন করেন। আগামী ফেব্রুয়ারি মাসে সরকার সেতু নির্মাণের কাজ শুরুর কথা বললেও ক্ষতিগ্রস্ত অধিকাংশ ব্যক্তির অর্থ পরিশোধ করা হয়নি এখনো। সেতু বিভাগ সূত্রে জানা গেছে, উন্নয়ন সহযোগীরা নির্মাণ শুরুর আগেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অর্থ পরিশোধের তাগিদ দিয়েছে।পদ্মা সেতুর জন্য অধিগ্রহণ করা জমিগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য আবাসিক প্লট তৈরির জমি; মূল সেতু, সংযোগ সড়কের জমি ও গাইড বাঁধ এবং রক্ষণাবেক্ষণ এলাকার জমি। চলতি বছরের শুরুতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য নির্মাণাধীন আবাসিক এলাকার যেসব জমি অধিগ্রহণ করা হয়, সেগুলোর মালিকদের পাওনা পরিশোধ করা শুরু হয়। এ পর্যন্ত প্রায় ৯৭ শতাংশ ক্ষতিগ্রস্ত মালিককে অর্থ পরিশোধ করা হয়েছে বলে সেতু বিভাগ থেকে জানানো হয়। এখন মূল সেতু ও সংযোগ সড়কের জন্য অধিগ্রহণ করা জমির মূল্য পরিশোধ শুরু হয়েছে। পর্যায়ক্রমে গাইড বাঁধ ও রক্ষণাবেক্ষণ এলাকার জন্য অধিগ্রহণ করা জমির মূল্য পরিশোধ করা হবে। সেতু বিভাগ জানিয়েছে, সেতুর জন্য মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলায় এক হাজার ৯৫ হেক্টর জমি অধিগ্রহণ করা হচ্ছে। এই তিন জেলার প্রশাসকদের কাছে ক্ষতিপূরণ দেওয়ার জন্য ইতিমধ্যে ৫০০ কোটি টাকারও বেশি দেওয়া হয়েছে।বাজারমূল্য নির্ধারণ করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার লক্ষ্যে সেতু বিভাগ সিসিডিবি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ৮০ কোটি টাকা বিতরণ করা হয়েছে। গতকাল মাদারীপুরের জেলা প্রশাসক শশীকুমার সিংহ জানান, জমির মালিকানা নিয়ে মামলা থাকায় অনেকের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হচ্ছে না।সেতু বিভাগ থেকে জানানো হয়েছে, মাওয়া এলাকার যশোলদিয়া ও কুমারভোগে, মাদারীপুরের বাখরেরকান্দি এবং শরীয়তপুরের নাওডোবায় প্রায় চার হাজার প্লট করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে এসব প্লট বরাদ্দ দেওয়া হবে। গতকাল সরেজমিনে গিয়ে দেখা গেছে, আবাসিক এলাকাগুলোতে ভবন তৈরির প্রক্রিয়া চলছে। প্রকল্প এলাকা পরিদর্শনের সময় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সাংবাদিকদের বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দ্রুত দিয়ে আগামী ফেব্রুয়ারি থেকেই মূল সেতুর কাজ শুরু করা সম্ভব হবে।তবে ক্ষতিপূরণের নামে বাড়তি অর্থ পাওয়ার আশায় অনেকে প্রকল্প এলাকায় হঠাৎ করে ঘরবাড়ি তোলা শুরু করে দিয়েছেন। এ বিষয়ে সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, নতুন করে ঘর তৈরি করলে কেউ এর জন্য ক্ষতিপূরণ পাবেন না। তাঁদের কাছে স্যাটেলাইট থেকে নেওয়া ছবি রয়েছে। দুই বছর আগে প্রকল্প এলাকায় কী ছিল এবং বর্তমানে কী আছে, তা তাঁদের জানা।মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর এলাকায়ও মহাসড়কের পাশ ঘেঁষে কয়েক শ নতুন ঘর তুলতে দেখা গেছে। গতকাল শুক্রবার ওই এলাকায় গিয়ে দেখা গেছে, ঘরগুলোতে কোনো মানুষের বসবাস নেই। মুন্সিগঞ্জে চেক হস্তান্তরের সময় স্থানীয় সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি উপস্থিত ছিলেন। এ ছাড়া মন্ত্রীর সঙ্গে ছিলেন সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, পদ্মা সেতু প্রকল্পের পরিচালক রফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুরের জেলা প্রশাসক এবং অন্যান্য কর্মকর্তা মন্ত্রীকে ভূমি অধিগ্রহণের অগ্রগতি অবহিত করেন।