পদ্মা সেতুর জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ১০ কোটি টাকা দেবে
পদ্মা সেতু তৈরিতে নিজ প্রতিষ্ঠানের বার্ষিক উন্নয়ন বাজেট থেকে ১০ কোটি টাকা দেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এ ছাড়া উপাচার্যের এক মাসের বেতন এবং শিক্ষক-কর্মকর্তাদের এক দিনের বেতন দেওয়া হবে।গতকাল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আর আই এম আমিনুর রশীদ এ ঘোষণা দেন।বিশ্ববিদ্যালয়ের বার্ষিক উন্নয়ন বাজেট থেকে পদ্মা সেতুর জন্য অর্থ দেওয়ার কথা জানিয়ে উপাচার্য বলেন, এ বছর বিশ্ববিদ্যালয়ের বাজেট ধরা হয়েছে ২০৩ কোটি টাকা। বাজেটের বিভিন্ন খাত থেকে অর্থ বাঁচিয়ে ১০ কোটি টাকা বের করা সম্ভব হবে। তিনি বলেন, পদ্মা সেতুর জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কেউ ব্যক্তিগতভাবে টাকা তুলতে পারবেন না।সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে এম রেজানুর রহমান, মো. শাহ আলম সরকার, আবুল হোসেন ভূইয়া, সহযোগী অধ্যাপক সাদিয়া আফরোজ সুলতানা, মো. মোহসীন উদ্দিন, তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক মো. আবুল কাসেম শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।