পদ্মা সেতুর জন্য উৎসব ভাতার অর্থ দেবেন সচিবেরা
পদ্মা সেতু নির্মাণে একটি করে উৎসব ভাতার সমপরিমাণ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সচিবেরা। ঈদুল ফিতর ও ঈদুল আজহা—এ দুই উৎসবে দুই কিস্তিতে তাঁরা এই অর্থ জমা দেবেন। একটি উৎসব ভাতা এক মাসের মূল বেতনের সমান।গতকাল বুধবার প্রশাসনিক সচিব কমিটির বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘যেহেতু প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিয়েছেন, সেহেতু আমরা উৎসাহ নিয়েই এর জন্য উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে মন্ত্রণালয় বা বিভিন্ন বিভাগ কী প্রক্রিয়ায় এ উদ্যোগে অংশ নেবে, তা মন্ত্রীরা নিজস্ব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বসে ঠিক করবেন।’বৈঠকে আলোচিত বিষয় প্রসঙ্গে মোশাররাফ হোসাইন বলেন, প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ তাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা করে প্রাধিকার নির্ধারণ করবে। যে প্রকল্প পরে বাস্তবায়ন করলে চলবে, তার অর্থ প্রয়োজনে পদ্মা সেতুতে বিনিয়োগ করা যাবে। তিনি জানান, ২০১২-২০১৩ অর্থবছরের বাজেট বাস্তবায়নের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।