পদ্মা সেতুর ট্রায়াল পাইল স্থাপন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর কনস্ট্রাকশন ট্রায়াল পাইল স্থাপনের কাজ গতকাল শুক্রবার শুরু হয়েছে। মাওয়া অংশে নদীর ৭ নম্বর পিলারে বসছে এটি। এর আগে টেস্ট পাইল স্থাপনের কাজ শুরু হলেও কনস্ট্রাকশন ট্রায়াল পাইল স্থাপন এটাই প্রথম।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আবদুল কাদের বলেন, পদ্মা সেতুতে মোট দুটি কনস্ট্রাকশন ট্রায়াল পাইল স্থাপন করা হবে। আর টেস্ট (পরীক্ষামূলক) পাইল স্থাপন করা হবে ১০টি। এরই মধ্যে তিনটি টেস্ট পাইল স্থাপন হয়ে গেছে। আর ১২০ মিটার দীর্ঘ এ (ট্রায়াল) পাইলটি মূল পাইলের মতোই তিন মিটার ব্যাসের। জার্মান হ্যামার ড্রাইভ (যন্ত্র) ব্যবহার করে এ পাইল করা হচ্ছে। তিনি বলেন, এ কনস্ট্রাকশন ট্রায়াল পাইল স্থাপনের মধ্য দিয়ে পদ্মা সেতুর কাজ আরেক ধাপ এগিয়ে যাবে। এর মধ্য দিয়ে মূল পাইল স্থাপনের প্রক্রিয়াও এগিয়ে গেল।
দেওয়ান আবদুল কাদের বলেন বলেন, অক্টোবরের শেষের দিকে পদ্মা সেতুর মূল পাইল স্থাপনের কাজ শুরু করা সম্ভব হবে। ইতিমধ্যে মূল সেতুর ১৩ দশমিক ৫৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে সেতুর কাজ সম্পন্ন হয়েছে প্রায় ২০ শতাংশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৪২টি পিলারের ওপর ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ দেশের সর্ববৃহৎ এ সেতুটি নির্মিত হবে। ১৫০ মিটার পর পর স্থাপিত হবে এ পিলার। এ ছাড়া দেড় কিলোমিটার করে উভয় পারে তিন কিলোমিটার সংযোগ সেতুর জন্য আরও ২৪টি পিলার করা হবে। মূল সেতুর ৪০টি পিলারে ছয়টি করে ২৪০ এবং দুই পারের ২৪টিতে দুটি করে ৪৮টি অর্থাৎ মোট ২৮৮টি পাইল করতে হবে।
এর আগে ১ মার্চ পদ্মা সেতু ঠিকাদার প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ চীনা প্রথা অনুযায়ী দুটি গরু, দুটি ছাগল ও দুটি মোরগ জবাই করে নদীতে রক্ত ভাসিয়ে সেতুর পরীক্ষামূলক পাইল নির্মাণের কাজ শুরু করে।