এ বছরের শেষ নাগাদ পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হবে বলে আশা করছে যোগাযোগ মন্ত্রণালয়। সেতু নির্মাণে যোগ্য ঠিকাদার নির্বাচনের লক্ষ্যে প্রাথমিক (প্রাক-যোগ্যতা যাচাই) দরপত্র আহ্বান করতে যাচ্ছে যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগ। গতকাল শনিবার প্রাক-যোগ্যতা যাচাইয়ের দরপত্র পত্রপত্রিকায় প্রকাশের জন্য পাঠানো হয়েছে। সেতু বিভাগ সূত্রে জানা গেছে, দরপত্রে আগ্রহী ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে তাদের অভিজ্ঞতা, কারিগরি দক্ষতা, আর্থিক সক্ষমতাসহ প্রয়োজনীয় তথ্যাদি জমা দেওয়ার জন্য ৮ জুন পর্যন্ত সময় দেওয়া হবে। এরপর তাদের দেওয়া তথ্য মূল্যায়ন করে প্রাথমিকভাবে একাধিক প্রতিষ্ঠান নির্বাচন করা হবে। সরকারের অনুমোদনের পর বাছাই করা ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে মূল দরপত্র আহ্বান করা হবে। সেখান থেকে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সেতু নির্মাণের দায়িত্ব পাবে। এর আগে সেতুর নকশা প্রণয়নে নিয়োজিত প্রতিষ্ঠান মনসেল এইকম প্রাক-যোগ্যতা যাচাইয়ের দরপত্রের দলিল তৈরি করে এবং এটি সেতুতে অর্থায়নে প্রতিশ্রুতি দেওয়া উন্নয়ন সহযোগীদের অনুমোদনের জন্য পাঠানো হয়। পদ্মা সেতু প্রকল্পের পরিচালক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, উন্নয়ন সহযোগীদের অনুমোদন পাওয়া গেছে। এদিকে মূল সেতুর জন্য দরপত্র আহ্বান করা হলেও বিস্তারিত নকশা এখনো শেষ করতে পারেনি পরামর্শক প্রতিষ্ঠান। প্রকল্প কর্তৃপক্ষ বলছে, ১৫ এপ্রিলের মধ্যে বিস্তারিত নকশা পাওয়া যাবে। এ ছাড়া নদী শাসন ও সংযোগ সড়কের জন্য আলাদা দরপত্র আহ্বান করা হবে। তবে এখনো এ দুটি নকশা চূড়ান্ত হয়নি। সরকার আশা করছে, এ বছরের শেষে কাজ শুরু করে তিন বছরের মধ্যে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ করা যাবে। এ জন্য প্রায় ১৮ হাজার কোটি টাকা খরচ হবে বলে সেতু বিভাগ ধারণা করছে। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, জাপানি সংস্থা জাইকা, ইসলামি উন্নয়ন ব্যাংক ও কাতার সরকার সেতু নির্মাণে প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা অর্থায়ন করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এ সংক্রান্ত কোনো চুক্তি হয়নি। পদ্মা সেতু প্রকল্পের পরিচালক রফিকুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, জুন-জুলাইয়ের মধ্যে উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঋণ চুক্তি হয়ে যাবে। এ বছরের শেষের দিকে মূল সেতুর কাজও শুরু করা যাবে।