পদ্মা সেতুর তদারকির দায়িত্ব সেনাবাহিনীর: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নিরাপত্তা ও তদারকির দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। তিনি বলেন, পদ্মা সেতুর জন্য একটি প্রকৌশল নির্মাণ ব্যাটালিয়ন ও দুটি পদাতিক ব্যাটালিয়নের সমন্বয়ে সেনাবাহিনীর একটি ব্রিগেড গঠনের বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। খবর বাসস ও ইউএনবির।
আজ রোববার সকালে ঢাকা সেনানিবাসে সেনাসদর অফিসার্স মেসে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০১৩’-এর উদ্বোধন উপলক্ষে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে জ্যেষ্ঠ ও নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সেনাসদর নির্বাচনী পর্ষদ গঠিত। এই পর্ষদ তাদের পাঁচ দিনব্যাপী বৈঠকে সেনা কর্মকর্তাদের লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল এবং কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত নেবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশে গণতন্ত্রকে সুসংহত করতে একটি সুশৃঙ্খল ও শক্তিশালী সেনাবাহিনী অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করতে পারে।’ তিনি বলেন, ‘নেতৃত্ব ন্যস্ত করতে হবে তাঁদেরই হাতে, যাঁরা সুশিক্ষিত, কর্মক্ষম, সচেতন, বুদ্ধিমান এবং সর্বোপরি গণতন্ত্রকে সুসংহত করার জন্য দৃঢ়প্রত্যয়ের অধিকারী।’

শেখ হাসিনা বলেন, আদর্শগতভাবে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা সামরিক বাহিনীর জন্য অত্যন্ত মৌলিক ও মুখ্য বিষয়। তিনি বলেন, যোগ্যতাসম্পন্ন কর্মকর্তাদের নির্বাচিত করা খুব জটিল কাজ। কাজটি অত্যন্ত আন্তরিকতা ও সততার সঙ্গে করতে হবে।

সেনাসদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের প্রজ্ঞা, বিচার-বুদ্ধি ও ন্যায়পরায়ণতার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে, আপনারা উচ্চ প্রশিক্ষিত, কর্মোদ্যমী, সচেতন, প্রত্যুত্পন্ন ও সর্বাবস্থায় গণপ্রজাতন্ত্রের মূল নীতির প্রতি অবিচল থাকার ভিত্তিতে উপযুক্ত নেতৃত্ব নির্বাচনে সর্বতোভাবে সফল হবেন।’

সেনাসদর দপ্তরে প্রধানমন্ত্রীকে তাঁর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এবং আর্মড ফোর্সেস ডিভিশনের লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিকুল হক স্বাগত জানান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব শেখ মোহাম্মদ ওয়াহিদ উজ জামান, প্রতিরক্ষা সচিব খন্দকার এম আসাদুজ্জামান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ও বাংলাদেশ সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা।