পদ্মা সেতুর তিনটি কাজের পরামর্শক সেনাবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পের তিনটি কাজের পরামর্শক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি গতকাল মঙ্গলবার সচিবালয়ে তাঁর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান।
সেনাবাহিনী যে তিনটি কাজের পরামর্শক হিসেবে কাজ করবে, সেগুলো হচ্ছে মাওয়া ও জাজিরা প্রান্তে দুটি সংযোগ সড়ক এবং সার্ভিস এলাকা নির্মাণ।
মন্ত্রী জানান, মূল সেতু নির্মাণে ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র কিনেছে। কবে ঠিকাদার নিয়োগ দেওয়া হবে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সময়ক্ষণ বলে দেওয়া যাবে না। সরকারের ক্রয়সংক্রান্ত নীতিমালা আছে। সে অনুযায়ী মূল্যায়ন করে নিয়োগ দেওয়া হবে।
ওবায়দুল কাদের বলেন, মূল সেতু ও নদী শাসনকাজের তদারকির জন্য আরেকটি বিদেশি পরামর্শক প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। ১১টি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে।