পদ্মা সেতুর দরপত্র এক মাসের মধ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী এক মাসের মধ্যে প্রস্তাবিত পদ্মা সেতু নির্মাণে ঠিকাদার নিয়োগের দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। গতকাল শুক্রবার শরীয়তপুরের জাজিরা ও মাদারীপুরের শিবচর এলাকায় পদ্মা সেতুর জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনে নেওয়া প্রকল্প পরিদর্শনকালে সৈয়দ আবুল হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আগামী ডিসেম্বর মাসে দরপত্রের আনুষ্ঠানিকতা শেষে সেতুর নির্মাণকাজ শুরু হবে। দ্রুত নির্মাণকাজ শেষ করার লক্ষ্যে মুন্সিগঞ্জ ও শরীয়তপুরের দুটি মাঠ (নির্মাণসামগ্রী রাখার স্থান) নির্মাণ করা হবে। সৈয়দ আবুল হোসেন আরও বলেন, এরই মধ্যে জাজিরায় সংযোগ সড়ক নির্মাণে দরপত্র আহ্বান করা হয়েছে। এ মাসের শেষে নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হবে। মাওয়া প্রান্তের সংযোগ সড়ক নির্মাণ ও দুই প্রান্তে টোল প্লাজা নির্মাণের দরপত্রও শিগগিরই আহ্বান করা হবে। মন্ত্রী বলেন, ঠিকাদার নিয়োগের পর সেতুর দুই প্রান্ত এবং নদীর মাঝখানে একযোগে নির্মাণকাজ পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে নির্মাতা প্রতিষ্ঠানের চারটি দলকে একসঙ্গে কাজে লাগানো হবে। সৈয়দ আবুল হোসেন গতকাল জাজিরার কুমারভোগ এবং বাখরের কান্দির পুনর্বাসনপল্লির নির্মাণকাজ পরিদর্শন, মাওয়া ও জাজিরায় নির্মাণসামগ্রী রাখার মাঠের নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, পদ্মা সেতু প্রকল্পের পরিচালক রফিকুল ইসলাম ও মাদারীপুরের জেলা প্রশাসক নূর-উর-রহমান উপস্থিত ছিলেন।মূল সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার এবং প্রস্থ হবে ২৫ মিটার। চার লেনবিশিষ্ট দ্বিতল এ সেতুর ওপরে যানবাহন চলবে এবং নিচে চলবে ট্রেন। দুই পারে নদী শাসন করা হবে ১৪ কিলোমিটার। সংযোগ সড়ক হবে ১২ দশমিক ১৬ কিলোমিটার। এর মধ্যে ১২ কিলোমিটারই জাজিরা প্রান্তে।